বৃষ্টির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ নিয়ে শঙ্কা রয়েছে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ‘এ’গ্রুপের ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায়। কিন্তু আগের রাত থেকেই ধর্মশালায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
এমনকি বৃষ্টির কারণে নেদারল্যান্ডস ও ওমানের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
বৃষ্টি থামায় টসও হয়েছিল। কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় শেষ পর্যন্ত একটি বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। শেষ পর্যন্ত তাই পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
এমন অবস্থায় রাত ৮টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচও মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের সুপার টেনে ওঠার স্বপ্নও শেষ হয়ে গেছে প্রথম মাচে বাংলাদেশের কাছে হারা নেদারল্যান্ডসের। পরের ম্যাচটিও পরিত্যক্ত হলে প্রথম ম্যাচে ওমানের কাছে হারা আয়ারল্যান্ডেরও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
তখন আগামী রোববার বাংলাদেশ ও ওমানের মধ্যকার ম্যাচটি পরিণত হবে ‘ফাইনালে’, যে দল জিতবে তারাই সুপার টেনে উঠে যাবে। আর সেই ম্যাচটিও পরিত্যক্ত হলে সুপার টেনের টিকিট পাবে বাংলাদেশ। কারণ নেট রানরেটে ওমানের চেয়ে এগিয়ে যে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশকে টপকে ‘এ’গ্রুপের শীর্ষে উঠে গেছে ওমান (৩ পয়েন্ট)। দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত হলে ওমানকে ছাড়িয়ে আবার শীর্ষে চলে যাবে বাংলাদেশ (তখন পয়েন্ট হবে ৩)। বাংলাদেশের নেট রানরেট +০.৪০০ আর ওমানের +০২৮৩।
এআইজে





