কমনওয়েলথ গেমসের ২০তম আসরের পর্দা উঠছে আগামীকাল বুধবার। স্কটল্যান্ডের গ্লাসগোতে এবার বসেছে কমওয়েলথ গেমসের এই আসর। গ্লাসগোর সেল্টিক পার্কে বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সবচেয়ে বড় এই গেমসটির উদ্বোধন করবেন।
২৩ জুলাই থেকে শুরু হওয়া ১১ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩ আগস্ট পর্যন্ত। ২৬১ পদকের জন্য ১৮টি ইভেন্টে অংশ গ্রহণ করবেন ৭১টি দেশের ৪৫০০ জন অ্যাথলেট। এর মধ্যেই আছে প্যারা-স্পোর্টসের পাঁচটি ইভেন্টের ২২টি স্বর্ণপদক।
অন্যান্য দেশের মতো বাংলাদেশও অংশ নিতে যাচ্ছে কমনওয়েলথ গেমসে। এই আসরের ১০টি ডিসিপ্লিনে বাংলাদেশের ৩০ জন অ্যাথলেট অংশ নিতে যাচ্ছেন। তাদের সঙ্গে কোচ কর্মকর্তা রয়েছেন আরো ১১ জন।
যাদের দিকে নজর থাকবে
১. উসাইন বোল্ট: অলিম্পিক গেমসের মতো কমনওয়েলথ গেমসেও সবার আকর্ষণের কেন্দ্র জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।
২. মো. ফারাহ: পেটের ব্যথার কারণে গ্লাসগোয় অনুষ্ঠিত ডায়মন্ড লিগে অংশ নিতে পারেননি ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন মো. ফারাহ। তবে কমনওয়েলথ গেমসে পাঁচ হাজার এবং দশ হাজার মিটারের ইভেন্টেই স্বর্ণ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
৩. শেলি আন ফ্রেজার প্রাইস: দু`বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস শুধু চার গুণীতক ১০০ মিটার রিলেতে দৌড়াবেন। ফলে মেয়েদের ১০০ মিটারের দৌড়ে চলতি বছরে এখনো পর্যন্ত অপরাজিত থাকা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মিশেল-লি অ্যাহয়ে বেশ ফেভারিট।
৪. ব্র্যাডলি উইগিনস: সাইক্লিং ট্র্যাকে নজর থাকছে ব্র্যাডলি উইগিনসের দিকে। ট্যুর ডি ফ্রান্সে অংশগ্রহণের পরিবর্তে এই সাইক্লিস্ট স্যার ক্রিস হয় ভেলোড্রোমে (সাইক্লিং ট্র্যাকের ভেন্যু) চার হাজার মিটারের দলগত ইভেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন।
এ ছাড়া সাঁতারে আধিপত্য ধরে রাখতে চায় অস্ট্রেলিয়া। ১০০ মিটার ফ্রি স্টাইলে বিশ্ব চ্যাম্পিয়ন জেমস ম্যাগনুসেন এবং ক্যাট ক্যাম্পবেল উভয়েই অংশ নিচ্ছেন বলেই অজিরা আত্মবিশ্বাসী।
টোলক্রস পার্ক অ্যাকোয়াটিকস সেন্টারে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করবেন অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন ছাদ লি ক্লস এবং ক্যামেরন ফন দার বুর্গ।
ডাইভিং ইভেন্ট অনুষ্ঠিত হবে এডিনবার্গের রয়্যাল কমনওয়েলথ পুলে। এর আগে ১৯৭০ এবং ১৯৮৬ সালের আসরেও এই ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছিল। ডাইভিংয়ে এবার নজর থাকছে ইংল্যান্ডের টম ড্যালের দিকে।
সেভেন সাইড রাগবির জন্য প্রস্তুত গ্লাসগোর ইব্রক্স স্টেডিয়াম। ২৬ এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। বিশ্বের সেরা আটটি রাগবি দলের সাতটি দলই খেলবে এই ইভেন্টে অংশগ্রহণ করবে। কিন্তু নিষেধাজ্ঞা থাকায় কমনওয়েলথ গেমসে দু`বার রৌপ্যজয়ী ফিজি রাগবি দল এবার অংশগ্রহণ করতে পারছে না।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





