বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিসে মহিলা এককের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে উইলিয়ামস পরিবারের দু'বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস।
চতুর্থ রাউন্ডে নিজ নিজ ম্যাচে সেরেনা ও ভেনাস সরাসির সেটেই জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
ইউএস ওপেন শুরুর আগেই টুর্নামেন্টের ড্র জানিয়েছিল, প্রথম রাউন্ড থেকে নিজ নিজ খেলায় জয় পেলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাবে সেরেনা ও ভেনাসের। শেষ পর্যন্ত হলোও তাই।
শেষ আটের টিকিট নিশ্চিত করতে সেরেনা চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন তারই স্বদেশী ১৯তম বাছাই ম্যাডিসন কেসের। ম্যাচের শুরু থেকেই স্বরূপেই ছিলেন সেরেনা। ফলে প্রথম সেট জিততে মোটেও বেগ পেতে হয়নি তাকে। মাত্র ২৭ মিনিট সময় ঘাম ঝড়িয়েই ৬-৩ গেমে সেটটি জিতে নেন সেরেনা।
ম্যাচে এগিয়ে গিয়ে নির্ভার হননি ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। দ্বিতীয় সেটেও ছিলেন আক্রমণাত্মক। তাতেই খেই হারিয়ে ফেলেন ম্যাডিসন। ফলে এই সেটটি ৬-৩ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন সেরেনা। দ্বিতীয় সেট নিষ্পত্তি হতে সময় লাগে ৪১ মিনিট।
প্রতিপক্ষ অবাছাই ইস্তনিয়া অ্যানেট কনটাভেইটের বিপক্ষে প্রথম সেট ৬-২ গেমে জিতে শুভ সূচনা করেন ২৩তম বাছাই ভেনাস। দ্বিতীয় সেটে ৬-১ গেমে জিতে শেষ আট নিশ্চিত করেন তিনি।
জেডআই





