পুনরায় জাতীয় দলের প্রধান কোচ পদে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলিং গ্রেট ওয়াকার ইউনিস বলেছেন, প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার মঈন খানের সঙ্গে তার কোন বিবাদ নেই।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াকার বলেন, তার সঙ্গে মঈন কিংবা জাতীয় দলের কোন খেলোয়াড়ের সঙ্গেও কোন বিষয়ে কোন বিবাদ বা মত পার্থক্য নেই।
ওয়াকার বলেন, ‘পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে আমি ইতোমধ্যেই আবেদন করেছি এবং যেহেতু আমি লাহোরে অবস্থান করছি তাই আমাকে পাওয়া যাবে সে বিষয়ে কথা বলতে আমি পিসিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি।’
ইতোপূর্বে মার্চ ২০১০ থেকে আগস্ট ২০১১ সাল পর্যন্ত পিসিবি প্রধান ইজাজ বাটের আমলে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা ওয়াকার বলেন, ‘আপনাদের একটা বিষয়ে স্পষ্ট করতে চাই যে মঈন কিংবা কোন খেলোয়াড়ের সঙ্গে আমার কোন প্রকার বিবাদ নেই।’
প্রায় ১৪ বছরের খেলোয়াড়ি জীবনে ৮৭ টেষ্ট ও ২৬২ ওয়ানডে খেলা ওয়াকার আরো বলেন, পাকিস্তান তাকে অনেক কিছু দিয়েছে এবং দেশকে কিছু দেয়া তার কর্তব্য।
৪২ বছর বয়সী ওয়াকার বলেন, শেষবার তিনি আবেদনপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় মঈনকে এশিয়া কাপ ও টি-২০ বিশ্ব কাপের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল।
৩৭৩ টেষ্ট ছাড়াও ৪১৬ ওয়ানডে উইকেট শিকার করা ওয়াকার বলেন, ‘তবে আমি মনে করি যে কোন পদে যে কাউকে নিয়োগ দেয়াটা সম্পূর্ণ পিসিবি কর্তৃপক্ষের ব্যাপার এবং আমাকে যদি (কোচ হিসেবে) নিয়োগ দেয়া হয়, তবে জাতীয় দলের জন্য গৃহীত পরিকল্পনা অবশ্যই আমি বাস্তবায়ন করবো।’
পাকিস্তান দলের পরবর্তী প্রধান কোচ হিসেবে ওয়াকারই নিয়োগ পাচ্ছেন বলে মনে করা হচ্ছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ৫ মে’র পরে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
কোন খেলোয়াড়ের সঙ্গে কোন বিবাদ নেই : ওয়াকার
পুনরায় জাতীয় দলের প্রধান কোচ পদে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলিং গ্রেট ওয়াকার ইউনিস বলেছেন, প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার মঈন খানের সঙ্গে তার কোন বিবাদ নেই।





