ক্যামেরার সামনে এর আগে বহুবার দাঁড়িয়েছেন তিনি। আলোচিত অভিনেত্রী প্রভার সঙ্গে নাটকও করেছেন। কতটুকু নাচ জানেন তা টিভির পর্দায় ও দর্শকরা মাঠে দেখেছেন। বিভিন্ন সময়ে বিজ্ঞাপণ চিত্রেও সাবলীল অভিনয় করেছেন তিনি। এবার একটি মিউজিক ভিডিওতে গানের মডেলিংয়ে কাজ করছেন।
বলছি জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথা। ফিক্সিংয়ের কারণে নিষেধাজ্ঞায় থাকা আশরাফুল এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে ক্রিকেটের দ্যূত হিসেবে কাজ করার পাশাপাশি ছোট-বড় টুর্নামেন্টও খেলে যাচ্ছেন।
সম্প্রতি সুযোগ পেয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। একটি গানের মডেলিংয়ে কাজ করছেন। প্রবাসী শিল্পী সোমা এ রহমানের একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন আশরাফুল, `এই আমি সেই আগের মতোন...` গানে। নিউইয়র্কে একাধিক স্থানে গানটির শুটিং হয়েছে। ইউটিউবে গানের ভিডিও দেখা যাচ্ছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। আগামী বছরের আগস্টে তার শাস্তি শেষ হবে।
তবে এ বছরের শেষ দিক থেকেই লাইমলাইটে চলে আসবেন আশরাফুল। জাতীয় দলের প্রাক্তন এ অধিনায়ক পুনর্বাসন ও শিক্ষা-সচেতনতামূলক কার্যক্রম শুরু করবেন।
ডিসেম্বরে আশরাফুল অংশ নেবেন ফিক্সিং, দুর্নীতি বিষয়ে বিসিবি ও আইসিসির প্রশিক্ষণ, শিক্ষণীয় প্রোগ্রামে। পুনর্বাসন ও শিক্ষামূলক এসব কার্যক্রমের ভিত্তিতে আইসিসিতে রিপোর্ট দেবে বিসিবি। বিসিবির রিপোর্টের ভিত্তিতেই আইসিসি আশরাফুলকে দ্রুত মাঠে ফিরতে সবুজ সংকেত প্রদান করবে।
এমআর





