[b]বার্সেলোনা: [/b]স্প্যানিশ ক্লাব বার্সেলোনা নতুন স্টেডিয়ামের পরিবর্তে ন্যূ ক্যাম্প স্টেডিয়ামের পুন:সংস্করণ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ জন্য ৬০০ মিলিয়ন ইউরো খরচ করবে তারা। সোমবার এ তথ্য জানিয়েছেন বার্সেলোনার প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল।
প্রথমে নতুন একটি স্টেডিয়াম তৈরি পরিকল্পনা করেছিল কাতালান ক্লাবটি। আভিনেদা ডায়গোনালের কাছাকাছি এই স্টেডিয়ামের জন্য ব্যয় ধরা হয়েছিল ১.২ বিলিয়ন ইউরো। কিন্তু দীর্ঘ আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে তারা।
নতুন স্টেডিয়াম তৈরির খরচ অর্ধেক করে আগের স্টেডিয়ামকে পুন:সংস্করনের সিদ্ধান্ত নেয় ক্লাবটি। আকর্ষণীয় এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ১, ০৫, ০০০ দর্শক।
রাসেল বলেছেন, 'ন্যু ক্যাম্প আমাদের ঐতিহ্যের প্রতীক। এটা ইউরোপের সবচেয়ে বড় ক্লাব এবং বার্সেলোনা শহরের আইকন। আর্থিক হিসাব বিবেচনা করে নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা বাতিল করা হয়েছে।'
স্টেডিয়াম সংস্করণের কাজ আগামী ২০১৭ সালের মে মাসে শুরু করে ২০২১ সালে ফেব্রুয়ারিতে শেষ করার সম্ভবনা রয়েছে। তবে এ সিদ্ধান্তটি বাস্তবায়নের আগে গণভোটের আয়োজন করবে তারা। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের বিপক্ষের ম্যাচে গণভোটের আয়োজন করবে বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা।