আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ধুমকেতুর মতো আভির্ভূত মুস্তাফিজুর আইপিএলেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দ্যুতি ছড়িয়ে এবারের আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সর্বোচ্চ ৮৩.২ শতাংশ ভোটে মুস্তাফিজ পেছনে ফেলেন মাত্র ৬.৫ শতাংশ ভোট পাওয়া বেঙ্গালুরুর লোকেশ রাহুলকে।

আইপিএলের নবম আসরে শুরু থেকেই বিশ্ব গণমাধ্যমের সঙ্গে মুস্তাফিজে ‘বুঁদ’ ছিল আইপিএলের অফিসিয়াল পেজ। আইপিএলে উদয়ীমান খেলোয়াড়ের তালিকায় প্রথম থেকেই শীর্ষে ছিলেন কাটার মাস্টার।

আইপিএলের নবম আসর মাতানো হাতে গোনা কয়েকজন বিশ্বসেরা ক্রিকেট তারকার মাঝেও অন্যতম ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজ। নবম আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা টাইগার এই পেসারকে ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন করা হয়েছে সেরা উদীয়মান খেলোয়াড়। ‘Emerging Player of the Season’ শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি করা হয়।

বাংলাদেশের বোলিং পোস্টারবয় খ্যাত মুস্তাফিজুর এই তালিকায় ছিলেন বেশ দাপটের সঙ্গেই। আইপিএলে উদয়ীমান খেলোয়াড় নির্বাচনের তালিকায় আরও ছিলেন ভারতের জাসপ্রিত বুমরাহ, মুরুগান অশ্বিন, শিভিল কৌশিক, ক্রুনাল পান্ডে, বারিন্দ্রান স্রান, রিশব প্যান্ট ও অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।

৮৩.২ শতাংশ ভোটে সেরা পুরস্কার জেতা মুস্তাফিজের পরে থাকা লোকেশ রাহুল পেয়েছেন ৬.৫ শতাংশ ভোট। ৩.৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ক্রুনাল পান্ডে। ২.৩ শতাংশ ভোট পেয়ে অ্যাডাম জাম্পা চার নম্বরে আর জাসপ্রিত বুমরাহ ১.৬ শতাংশ ভোট পেয়ে হয়েছেন পঞ্চম।

এমই