ভারতের বিপক্ষে প্রথম টেস্টের পরেই শ্রীলংকার কিংবদন্তী ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। সম্ভাব্য তারিখ হিসেবে গলে আগামী ১৮ তারিখ থেকে এই টেস্ট শুরু হবার কথা রয়েছে।
সূচি এখনো চূড়ান্ত না হলেও সাঙ্গাকারা ইতোমধ্যেই শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দিয়ে বলেছেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুটি এবং ভারতের বিপক্ষে প্রথম টেস্টসহ আর তিনটি টেস্ট খেলেই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাবেন।
পাকিস্তানের বিপক্ষে গল ও কলম্বোতে দুটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর অবশ্য সাঙ্গাকারা ইংলিশ কাউন্টি সারের হয়ে খেলা চালিয়ে যাবেন। ভারতের বিপক্ষে সূচি এখনো চূড়ান্ত না হওয়ায় সাঙ্গাকারার ফেয়ারওয়েল ম্যাচটি তার ঘরের মাঠ ক্যান্ডিতেও অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
২০০০ সালে গলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ৩৭ বছর বয়সী সাঙ্গাকারার। এখন পর্যন্ত ক্যারিয়ারে ১৩০ টেস্টে ৫৮.৬৬ গড়ে ১২২০৩ রান সংগ্রহ করেছেন যা শ্রীলংকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ।
সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথের কাছে শীর্ষ স্থানটি হারানো সাঙ্গাকারা তার নামের পাশে ১১টি টেস্ট ডাবল সেঞ্চুরিও যুক্ত করেছেন। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের থেকে যা মাত্র একটি দুরে।
২০১৪ সালে শ্রীলংকা টোয়েন্টি২০ বিশ্বকাপে শিরোপা জেতার পরে সাঙ্গাকারা টি২০ ফরম্যাট থেকে বিদায় নেন। চলতি বছরের বিশ্বকাপে লংকান এই তারকা ব্যাটসম্যান-উইকেটরক্ষক চারটি ম্যাচে টানা সেঞ্চুরি করে অনন্য এক রেকর্ড গড়েছেন।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পরেই তিনি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেন। বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসরে যাবার পরে শ্রীলংকান ক্রিকেটের নতুন পুনজার্গরনকে সামনে রেখে বোর্ডের পক্ষ থেকে সাঙ্গাকে অনুরোধ জানানো হয়েছে অন্তত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্ত যেন তিনি দলে থাকেন।
জেডআই





