শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটি জিততে তৃতীয় ও শেষ ম্যাচের চতুর্থ দিন শেষে ৩১৯ রানে এগিয়ে আছে ভারত।

সোমবার কলম্বোতে নিজেদের দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে ভারত। এতে দুই ইনিংস মিলিয়ে মোট ৩৮৫ রানের লিড নেয় তারা।

জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দিন শেষে তিন উইকেটের বিনিময় ৬৭ রান সংগ্রহ করেছে। দলীয় এক রানে ইশান্তর বলে থ্যারাঙ্গার (০) বিদায়ের পর আর এক রান যোগ হতে যাদবের বলে বিদায় নেন দিমুথ করুনারত্নে (০)। উভয়ই ওঝার হাতে ক্যাচ আউট হন। দলীয় ২১ রানে ইশান্তর বলে কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন চান্দিমল (১৮)।

কৌসল সিলভা ২৪ রান ও অ্যাঞ্জেলো ম্যাথুস ২১ রান নিয়ে এদিনের খেলা শেষ করেন।

এর আগে ৩ উইকেটে ২১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা ভারতকে বড় স্কোর এনে দিতে দারুণ ব্যাট করেছেন অল রাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। নয় নম্বরে ব্যাট করতে নেমে ৮৭ বলে সাতটি চারের সুবাদে ৫৮ রান করেন তিনি। এটি দলের পক্ষে সর্বোচ্চ স্কোর।

এছাড়া আগের দিনের ১ রান নিয়ে খেলা শুরু করা কোহলি ২১ রান করে সাজঘরে ফেরেন। তবে ১৪ রান নিয়ে মাঠে নামা রোহিত শর্মা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেন। আউট হওয়ার আগে ৭২ বলে চারটি চার ও একটি ছক্কায় ৫০ রান করেন। রোহিতকে যোগ্য সঙ্গ দিয়ে ৪৯ রান করে প্রাসাদের শিকারে পরিণত হন স্টুয়ার্ট বিনি।

লঙ্কান বোলারদের মধ্যে প্রাসাদ ও প্রদীপ চারটি করে উইকেট পান। আর একটি উইকেট নেন রঙ্গনা হেরাথ।

প্রথম ইনিংসে মোট ৩১২ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে ২০১ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।

জেডআই