মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোেতে কে জিতল-বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? উত্তরটা দুই দলের সমর্থকদের জন্যই খুশির সংবাদ। কারণ, এই লড়াইয়ে কেউই হারেনি। আবার কেউ জিতেও নি। চলতি মৌসুমে বার্সা-রিয়ালের প্রথম দ্বৈরথ ১-১ গোলের ড্র দিয়ে শেষ হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৯ টায় স্প্যানিশ লা লিগা ফুটবলের খেলায় মুখোমুখি হয়েছিল এ দুই দল। নিজ মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মোকাবেলায় মাঠে নেমেছিল বার্সেলোনা।

তবে নিজ মাঠের সুবিধা কাজে লাগিয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স ছিল না বার্সার খেলায়। রিয়াল মাদ্রিদও তেমন করে জ্বলে উঠতে পারেনি। ম্যাচের প্রথমার্ধটা তাই গোলশূণ্য ড্র দিয়েই শেষ হয়েছে। যদিও দুই দলই একাধিক গোলের সুযোগ পেয়েছিল।

ম্যাচের ৫৩ মিনিটে ন্যু ক্যাম্পে স্বাগতিকদের আনন্দে ভাসান উরুগুয়ের তারকা লুই সুয়ারেজ। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নেওয়া ফ্রি কিক থেকে উড়ে আসা বল মাথার আলতো টোকায় রিয়ারেল জালে জড়িয়ে দেন তিনি। বার্সেলোনা এগিয়ে যায় ১-০ গোলে।

এরপর দুই দলই গোলের খোঁজে মরিয়া চেষ্টা চালিয়েছে। বার্সা চেয়েছে এগিয়ে যেতে, রিয়াল চেয়েছে গোল শোধ করে ম্যাচে ফিরতে। তবে একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দুই দল। অবশেষে ম্যাচের অন্তিম মুহূর্তে (৯০ মিনিটে) সফল হয় রিয়াল। সার্জিও রামোসের গোলে ১-১ সমতায় ফেরে জিনেদিন জিদানের দল। শেষ পর্যন্ত ওটাই হয়ে থাকে ম্যাচের ফাইনাল স্কোরলাইন।

রিয়াল-বার্সা ম্যাচ মানেই সেখানে টানটান উত্তেজনা, স্নায়ুর চাপ, ফাউল আর রেফারির ঘন ঘন বাঁশি বাজানো ও কার্ড দেখানো। শনিবার রাতের ম্যাচেও এর ব্যতয় ঘটেনি। এই ম্যাচে দুই দলের মিলিয়ে মোট ৩৫টি ফাউল হয়েছে। এর মধ্যে রিয়াল ১৯টি এবং বার্সা ১৬টি ফাউল করেছে।

এ ম্যাচ ড্র হওয়ায় লা লিগা টেবিলে রিয়াল মাদ্রিদের শীর্ষস্থান আরেকটু মজবুত হয়েছে। অন্যদিকে, শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ বেড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার।


এমএনজে