আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলে জন্মগ্রহণকারী ক্রোয়েশিয়ান স্ট্রাইকার এডুয়ার্ডো ডি সিলভা। দলে তাকে যেভাবে মূল্যায়ন করা হয় তাতে অসন্তুষ্ট হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এডুয়ার্ডো নিশ্চিত করেছেন।

এক বিবৃবিতে এডুয়ার্ডো বলেছেন, ‘২০০৪ সাল থেকে ৬৪টি ম্যাচে আমি ক্রোয়েশিয়াকে প্রতিনিধিত্ব করেছি। ইতোমধ্যেই আমি ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছি।’

তারকা স্ট্রাইকার ডেভর সুকারের পরে ২৯ গোল করে ক্রোয়েশিয়ার সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ৩১ বছর বয়সী এডুয়ার্ডো। কিন্তু অনেকটা হতাশার সুরেই তিনি বলেছেন, গত কয়েক বছর ধরেই আমি বেশ কঠিন সময় পার করেছি। এখানে এমন কিছু লোকের হাত রয়েছে যারা আনুষ্ঠানিক ভাবে দলের কোন সদস্য নয়, কিন্তু দলের উপর তাদের যথেষ্ঠ শক্তিশালী প্রভাব রয়েছে। আমি মনে করি বিভিন্ন সময়ে আমার প্রতি বিরুপ আচরণ করা হয়েছে।

এডুয়ার্ডো স্পষ্ট করে কারো নাম না বললেও ধারণা করা হচ্ছে ডিনামো জাগ্রেবের প্রেসিডেন্ট জাড্রাভকো মামিচের কথাই তিনি বলতে চেয়েছেন। ক্রোয়েশিয়ান ফুটবলে অন্যতম শক্তিধর ব্যক্তি হলেন মামিচ। মামিচ এডুয়ার্ডোর সাবেক ম্যানেজারও ছিলেন।

এদিকে এডুয়ার্ডোর সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় দলের কোচ নিকো কোভাচ বলেছেন, আমি তার ফুটবল গুণকে অত্যন্ত শ্রদ্ধা করি।

তবে ব্রাজিল বিশ্বকাপে কেন এডুয়ার্ডোকে বেশী করে সুযোগ দেয়া হয়নি সে সম্পর্কে কোন মন্তব্য করতে রাজী হননি কোভাচ। ব্রাজিল এবং মেক্সিকোর পরে গ্রুপ-এ থেকে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া। গত মৌসুমে এডুয়ার্ডো শাকতার দোনেস্তাকের হয়ে খেলেছেন। বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেনকোর সাথে তার যোগাযোগের আভাষ পাওয়া গেছে।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই