কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? ফুটবল বিশ্বে এ নিয়ে একটা তর্ক এখন চলছেই।

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার জয়ে মেসির দারুণ অবদানে এ নিয়ে তর্কটা আরো জোরালো হয়ে উঠেছে। দলের জয়ে দারুণ একটি হ্যাটট্রিক করায় সারা বিশ্বে এখন মেসি বন্দনা চলছে।

এ কাতারে নাম লিখিছেন লা লিগায় মেসিদের অন্যতম প্রতিপক্ষ দল আতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে। তাঁর বিশ্বাস, মেসিই সেরা।

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে সিমিওনে বলেন, ‘যারা বিশ্বাস করে না মেসি বিশ্বসেরা, তাদের দেখিয়ে দিয়েছে সে। মেসি যে বিশ্বসেরা, এতে এখন আর কোনো সন্দেহ নেই। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে সে অসাধারণ খেলেছে। সত্যিই তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায়ও খুশি এই আতলেতিকো কোচ। বলেছেন, ‘আমার বিশ্বাস ছিল আর্জেন্টিনা বিশ্বকাপে যাবেই। তাই আমি শান্ত ছিলাম, এমনকি ভালো শুরু না করার পরও।’

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৩-১ গোলে। মেসির হ্যাটট্রিকের ওপর ভর করে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে তৃতীয় স্থানে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তাঁর দল।

শুধু তাই নয়, তিনি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। বার্সেলোনায় মেসির সতীর্থ ও ‍উরুগুয়ে তারকা লুই সুয়ারেজও তাঁর সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।

বাছাইপর্বে ৪৫ ম্যাচে মেসি ২১ গোল করেছেন। সমানসংখ্যক গোল করেছেন সুয়ারেজও।

আগামী ২০১৮ সালে বিশ্বকাপ বসছে রাশিয়ায়। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেই সরাসরি বিশ্বকাপে ওঠে। আর ব্রাজিল ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ও উরুগুয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মূল পর্বে খেলা আগেই নিশ্চিত করে।

এএস