বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পথে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলটির এখন তাকিয়ে থাকতে হচ্ছে ইতালি ও কোস্টা রিকার ম্যাচের দিকে। ভরসা ইতালি। চারবারের চ্যাম্পিয়নরা যদি কোস্টা রিকাকে হারাতে পারে তবে পরের রাউন্ডে ইংল্যান্ডের খেলার সম্ভবনা মিট মিট করবে ইংল্যান্ডের। কিন্তু ইতালির সেরা তারকা মারিও বালোতেল্লি এক অদ্ভুত দাবি করলেন। জানালেন, রাণী দ্বিতীয় এলিজাবেথ তাকে 'চুমু' দিলে থ্রি লায়ন্সদের জন্য আশা বাঁচিয়ে রাখতে পারেন তিনি।
বৃহস্পতিবার লুইজ সুয়ারেজের অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। আগের ম্যাচে ইতালির কাছে হেরেছিল রয় হজসনের শিষ্যরা।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করা উরুগুয়ে হেরেছিল কোস্টা রিকার কাছে। শুক্রবার ইতালির সঙ্গে কোস্টা রিকা ড্র করলেও বিশ্বকাপ থেকে বিদায় নেবে ইংলিশরা। আর কোস্টা রিকা হেরে গেলে শেষ ম্যাচে দলটির বিপক্ষে বড় জয় পেয়ে শেষ-১৬তে জায়গা করতে পারবে ১৯৬৬ বিশ্বকাপ জয় দলটি।

কিন্তু ইংল্যান্ডের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অদ্ভুত কথা লিখলেন ইতালির প্রাণভোমরা বালোতেল্লি। কোস্টা রিকা ও উরুগুয়ের বিপক্ষে জয় পেতে রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে নিজের গালে চুমু দাবি করলেন খ্যাপাটে বালোতেল্লি।





