কোপা আমেরিকার বিশেষ আসরে প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। একই ব্যবধানে বলিভিয়াকে হারায় পানামা।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি স্থান দখলে আর্জেন্টিনা ও পানামার। শনিবার সকালে শিকাগোতে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন ও সনি এইচডি।
এই ম্যাচে অবশ্য ফিরছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু তাই বলে পানামাকে ছোট করে দেখতে রাজি নন গঞ্জালো হিগুয়েন।
চিলির বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। কিন্তু বুধবার দলের সঙ্গে অনুশীলন করেছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে পানামার বিপক্ষে খেলতে সমস্যা নেই মেসির।
সুতরাং কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার ম্যাচে মাঠে নামবেন বার্সেলোনা তারকা। পানামার বিপক্ষে এই ম্যাচটি জিতলে শতবর্ষী কোপা আমেরিকার এই আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আকাশী-নীল জার্সিধারীদের।
তবে মেসির আগমণে আর্জেন্টিনা শিবির যে উজ্জীবিত হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু পানামা যে অপরিচিত প্রতিপক্ষ। এবারই প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।
এর আগে ২০০৯ সালে পানামার বিপক্ষে মাঠে নেমেছিল টাটা মার্টিনোর দল। সেবার পানামাকে ৩-১ গোলে হারিয়েছিল লা আলবিসিলেস্তারা। তবে এরপর গেল ৭ বছরে আর খেলা হয়নি তাদের। তাই প্রতিপক্ষ সম্পর্কে খুব একটা ধারণা নেই কোনো দলেরই।
তারপরও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার জন্য পানামা যে হুমকি হয়ে উঠবে না সেটা অনুমেয়।
বাকিটা দেখার জন্য অপেক্ষা করতে হবে শনিবার সকাল পর্যন্ত।
এফএফ





