আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজ মহাদেশের দল বলিভিয়ার বিপক্ষে গোল উৎসব করেছেন লিওনেল মেসিরা। শুক্রবার হাউস্টোনের বিবিভিএ কমপাস স্টেডিয়ামে বলিভিয়াকে ০-৭ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা।

ম্যাচটিতে আগুয়েরো দুটি গোল করা ছাড়া এজেকুয়েল লাভেজ্জিকে দুটি গোল করতে সহায়তা করেছেন। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে মেসিও দ্রুত দুই গোল করেছেন। ম্যাচের শেষ গোলটি এসেছে অ্যাঞ্জেল কোরেয়ার কাছ থেকে।

জুলাইতে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাজিত হবার পরে এটাই আর্জেন্টাইনদের প্রথম ম্যাচ। কোপাতে পরাজয়ের মধ্যে মার্টিনোর দল ২২ বছরে মেজর কোন শিরোপা খরা কাটাতে ব্যর্থ হয়।

প্রথমার্ধে বার্সেলোনা তারকা মেসি সাইড বেঞ্চে থাকায় ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরোর উপর আক্রমণভাগের দায়িত্ব পড়ে। যা তিনি দারুণভাবে সামাল দিয়েছেন।

ছয় মিনিটের মধ্যে অ্যাগুয়েরো প্যারিস সেইন্ট-জার্মেই তারকা লাভেজ্জিকে প্রথম গোল করতে সহায়তা করেন। ৩৪ মিনিটে বলিভিয়া গোলরক্ষক ড্যানিয়েল ভাকার মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো।

৪১ মিনিটে আর্জেন্টিনার ফ্রি-কিক বলিভিয়ার ডিফেন্ডারদের গায়ে লেগে বল ফেরত আসে। ফিরতি বল গোল এরিয়ার মধ্যে লাভেজ্জির দিকে বাড়িয়ে দেন ম্যানসিটি তারকা। সেই পাসে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করতে ভুল করেননি লাভেজ্জি।

লাভেজ্জির কাছ থেকে পাস পেয়ে এবার নিজের গোলসংখ্যা দ্বিগুণ করেন সিটি তারকা আগুয়েরো। বড় ব্যবধানে এগিয়ে যাবার পরে মেসিকে সুযোগ করে দিতে মার্টিনো ৬৫ মিনিট পর্যন্ত অপেক্ষ করেছেন।

লাভেজ্জি, আগুয়েরোর দিনে মেসি অবশ্য নিজেকে প্রমানে খুব বেশি সময় নেননি। মাঠে নামার দুই মিনিটের মধ্যেই নিজের প্রথম গোল করেন এই বার্সা তারকা। এর মাধ্যমে দক্ষিণ আমেরিকার সবকটি প্রতিপক্ষ দেশের বিপক্ষে গোল করার অনন্য রেকর্ড সৃষ্টি করলেন মেসি। এর আগে একমাত্র এই বলিভিয়ার বিপক্ষে কোন গোল করতে পারেননি তিনি। ম্যাচ শেষে ১৫ মিনিট আগে আগুয়েরোর আরেকটি অসাধারণ পাস থেকে ভাকাকে বোকা বানান মেসি। মাটিয়াস ক্রানেভিত্তির সহযোগিতায় ৮৪ মিনিটে শেষ গোলটি করেন কোরেয়া।

আগামী মাসে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্ব খেলার আগে আর্জেন্টিনা মঙ্গলবার টেক্সাসে আরেকটি প্রীতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে।

জেডআই