ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কাছে টাই ব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হেরেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেডিয়ামে এডেন হ্যাজার্ডের গোলে খেলার ১০ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় তারা। কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় মরিনহোর শিষ্যরা।

প্রথমার্ধে ১-০ গোলে বার্সা পিছিয়ে থাকলেও খেলার ৬৬ মিনিটে সুয়ারেজের দারুণ শটে সমতায় ফেরে দলটি। পরের মিনিটেই কাতালান ক্লাবটিকে লিড এনে দেন সান্দ্রো রামিরেজ।

তবে রেফারির শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে সমতায় ফেরে চেলসি। এবার গোল করেন গ্যারি কাহিল। দুই অর্ধ মিলে শেষ অবধি ২-২ ব্যবধানে সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। তাতে মেসি-নেইমার বিহীন বার্সার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে চেলসি।

জেডআই