বিশ্বকাপে দুর্দান্ত খেলে সবার নজর কেড়েছেন কলম্বিয়ার তারকা জেমস রদ্রিগেজ। কোয়ার্টার ফাইনালে তার দল মুখোমুখি হচ্ছে নেইমারের ব্রাজিলের। খেলার মাঠের লড়াইয়ে জয় পাওয়ার আগে কথার লড়াইয়ে এগিয়ে থাকতে চাইলেন নেইমার। রদ্রিগেজের দিন শেষ বলে মন্তব্য করেছেন সেলেকাও তারকা।

টুর্নামেন্টে নেইমার-রদ্রিগেজ দুই জনই দারুণ পারফরম্যান্স করেছেন। প্রথম থেকে আলো ছড়ানো নেইমারকে গোল স্কোরের দিক থেকে ছাড়িয়ে গেছেন রদ্রিগজে। বিশ্বকাপে পাঁচ গোল নিয়ে এখন পর্যন্ত সবার শীর্ষে রয়েছেন রদ্রিগেজ। এদিকে চার গোল নিয়ে মেসি, মুলারের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন নেইমার।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে তারা দুই জন। শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে তাদের যুদ্ধ।

সেই যুদ্ধের আগে রদ্রিগেজের প্রশংসা করে তার দিন শেষ বলে মন্তব্য করেছেন বার্সা সুপারস্টার। ২২ বছর বয়সী এই তারকা বলেছেন, "আমি জানি সে একজন ভালো খেলোয়াড় ছিল। এই বিশ্বকাপে সে তার সেরাটা দেখিয়েছে। কিন্তু আমি মনে করি এই বিশ্বকাপে এখন তার দিন শেষ। সব কিছু মিলিয়ে ব্রাজিলই বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করতে পারবে।"