লা লিগায় জয় পেয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে দলটির পিছন পিছনে থাকছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের মাঠে সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট অর্জন করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৯ ম্যাচে ৭১।

এদিন নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কোচ ডিয়েগো সিমওনের শিষ্যরা। আর ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। তবে গোলটি ছিল সোসিয়েদাদ ডিফেন্ডার মিকেল গনসালেসের আত্মঘাতী।

দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যাটলেটিকো। কোকের শট সোসিয়েদাদের গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর বল পান আন্তোয়ান গ্রিজমান। সহজেই বল জালে জড়ান দারুণ ফর্মে থাকা ফরাসি এই ফরোয়ার্ড। স্পেনের লা লিগায় এবারের মৌসুমে এটি তার ১৬তম গোল।

এরপর কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

জেডআই