সেই ১৯৫২ সাল থেকে অলিম্পিক গেমসে অংশ নিয়ে আসছে ভিয়েতনাম। কিন্তু গত ৬৩ বছরে অলিম্পিকে কখনো সোনা জেতা হয়নি তাদের। অবশেষে দীর্ঘ অপেক্ষার পালা ফুরল।
রিওতে ভিয়েতনামকে তাদের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা এনে দিয়েছেন জুয়ান ভিন হোয়াং। ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন এই শুটার।
১০ মিটার এয়ার পিস্তলে ফেবারিট ছিলেন ব্রাজিলের ফেলিপে উ। স্বাগতিক দর্শকদের সমর্থনও ছিল তার সঙ্গে। কিন্তু ফাইনাল রাউন্ডে ২০২.৫ পয়েন্ট নিয়ে ফেলিপে উকে (২০২.১) পেছনে ফেলেন ভিয়েতনামের সশস্ত্র বাহিনীর সদস্য হোয়াং।
ফেলিপে উ রুপা জিতে এবারের আসরে ব্রাজিলকে প্রথম পদক এনে দিয়েছেন। ১৯২০ সালের পর এই প্রথম অলিম্পিক শুটিংয়ে পদক জিতল ব্রাজিল। ২০০৮ অলিম্পিকে এই ইভেন্টে সোনা জেতা চীনের পাং ওয়েই জিতেছেন ব্রোঞ্জ।
অলিম্পিকে দেশকে প্রথম সোনা উপহার দিয়ে হোয়াং বলেন, ‘এই সোনা জয় সারাজীবনের স্মৃতি। এটা কখনোই ভুলবার নয়। কারণ এটা ভিয়েতনামের প্রথম সোনা জয়।’
এমএনজে





