চার দিন আগেই ৪৬ এ পা দিয়েছেন। সদা হাস্যজ্জল খালেদ মাহমুদ সুজনকে জন্মদিনের অনুষ্ঠানে এক সময়ের সতির্থরা বয়স কত বলে প্রশ্ন করলে, উত্তর দিয়েছেন-১৮।
অথচ বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ককে চার দিনের ব্যবধানেই রোববার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে সুজনকে।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন সংস্থাটির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সুজন বোর্ড মিটিংয়েও উপস্থিত ছিলেন না।
পরে তার গুরুতর অসুস্থতার খবর জানা যায়। একদিন আগে কক্সবাজারে শেষ হওয়া মাস্টার্স ক্রিকেট কর্নিভালে খেলেছেন সুজন।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা সুজন বাংলাদেশ ক্রিকেটে দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বেশ ক’বার। অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সের সময়ে ছিলেন মাশরাফিদের বোলিং কোচও। সর্বশেষ প্রিমিয়ার লিগে সুজন আবাহনীর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
এমএনজে





