ভারতের একটি আদালত বিতর্কিত ব্যবসায়ী এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট বা আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মুম্বাইয়ের আদালতে হাজির হওয়ার জন্য তার ওপর যে সমন জারি করা হয়েছিল, তাতে সাড়া না দেয়ায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।
ললিত মোদি লন্ডনে বসবাস করেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত আইপিএল এখন বিশ্বের সবচেয়ে ব্যবসা-সফল ক্রিকেট টুর্নামেন্ট।
কিন্তু দুর্নীতির অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ক্রিকেটে সারাজীবনের জন্য নিষিদ্ধ করে। অবশ্য মোদি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
দুর্নীতির অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ মোদির বাড়িতে বেশ কয়েকবার হানা দেয়ার পর দু'বছর আগে তিনি ভারত ছাড়েন। এরপর থেকে তিনি লন্ডনেই থাকছেন।
এই পরোয়ানার পর মোদিকে ভারতে ফিরতে বাধ্য হতে পারে। তা না হলে আরও মুশকিলে পড়বেন ৪৯ বছর বয়সী মোদি।
ক’দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে মোদিকে বিশেষ সুবিধা পাইয়ে দেয়া নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। মোদির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বিজেপি আরও বিপাকে পড়বে বলে মনে করা হচ্ছে।
জেডআই





