ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল চেলসি। সোমবার ঘরের মাঠে মিডলসবরোকে ৩-০ গোলে হারিয়েছে কন্তের শিষ্যরা। শেষ তিন ম্যাচের আর একটি জিতলেই শিরোপা পুনরুদ্ধার করবে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে চেলসি। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের সুযোগও পায় স্বাগতিকরা। সেস ফাব্রেগাসের বাড়ানো বলে আলোনসোর শট ক্রসবারে লাগলে হতাশ হয় স্বাগতিক শিবির।
তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের ২৩ মিনিটে ফাব্রেগাসের বাড়ানো বল জালে জড়ান স্প্যানিশ তারকা কস্তা। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আলোনসো। ডান দিক থেকে সিজার আসপিলিকুয়েতার ক্রস থেকে বল পেয়ে দুরূহ কোণ থেকে জালে জড়ায় স্প্যানিশ এই ডিফেন্ডার।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় চেলসি। প্রথম মিনিটের পেদ্রোর জোরালো শট ক্রসবারে লাগে। ম্যাচের ৬৫ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মাটিচ।
এই জয়ের পর চেলসির পয়েন্ট হলো ৩৫ ম্যাচে ৮৪। ৭ পয়েন্ট পিছিয়ে শিরোপা লড়াইয়ে আছে টটেনহ্যাম হটস্পার। এদিকে এ হারে অবনমন নিশ্চিত হয়ে গেছে মিডলসবরোর।
এমএনজে





