ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে ২০১৫ বিশ্বকাপের স্বাগতিক দল অস্ট্রেলিয়া। শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে এক বল হাতে থাকতে সফরকারী ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছে তারা।
এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে জয় পাওয়ায় ফাইনাল নিশ্চিত হয়ে যায় ক্যাঙ্গারুদের।
এদিন হোবার্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ইয়ান বেলের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে তারা।
১২৫ বল মোকাবেলা করে ১৪১ রান করেছেন বেল। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করেছেন জো রুট। অস্ট্রেলিয়ার পক্ষে গারিন্দার সান্ধু সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৬ রান পেয়েছে অস্ট্রেলিয়া। তবে ৭৬ থেকে ৯২-এই ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ৬৯ রানের জুটি গড়ে বিপদ সামলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। শেষ পর্যন্ত ৯৫ বল মোকাবেলা করে ১০২ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।
এ ছাড়া শন মার্শ ৪৫, ম্যাক্সওয়েল ৩৭, ফকনার ৩৫ এবং হ্যাডিন ৪২ রান করেছেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩০৩/৮, ৫০ ওভার (বেল ১৪১, রুট ৬৯; সান্ধু ২/৪৯)
অস্ট্রেলিয়া: ৩০৪/৭, ৪৯.৫ ওভার (স্মিথ* ১০২, মার্শ ৪৫; আলি ২/৫০, ওকস ২/৫৮)
ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
পয়েন্ট : অস্ট্রেলিয়া ৪, ইংল্যান্ড ০
জেডআই





