ক্রিকেটে এমন কিছু ঘটনা ঘটে, যা কখনো কল্পনাও করা যায় না। এমন এক কল্পনাতীত ঘটনা ঘটেছে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে। চেশায়ার লিগ তৃতীয় বিভাগের ম্যাচে মাত্র ৩ রানেই অল আউট হয়েছে একটি দল।
হ্যাসলিংটনের বিপক্ষে জয়ের জন্য ১০৯ রান দরকার ছিল উত্তর-পশ্চিম ইংল্যান্ডের উইরাল ক্লাবের। কিন্তু ১০ ওভার খেলে মাত্র ৩ রান সংগ্রহ করতে পারে তারা। ১১তম ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা কনর হবসন একমাত্র স্কোরার। মাত্র ১ রান করে অপরাজিত ছিলেন তিনি। আর বাকি রান দুটি এসেছে লেগ বাই থেকে।
এই ম্যাচে ৬ ওভারে ৮ উইকেট হারায় উইরাল। কিন্তু তখনও দলীয় স্কোর ছিল শূন্য। এরপর জোড়া বাই রান পায় দলটি। ১০ ওভারে অল আউট হওয়ার আগে আর ১ রান যোগ করেন কনার হবসন। ১১ নম্বরে খেলতে নামা এই ব্যাটসম্যানই অপরাজিত থাকেন।
১০ জনকে আউট করতে মাত্র ২ জন বোলার ব্যবহার করতে হয়েছে হ্যাসলিংটনকে। বেন ইস্টিড ৫ ওভার বল করে ৪ মেডেন নিয়ে এক রান দিয়ে নেন ৬ উইকেট। অন্য বোলার টম গ্লেডহিল কোনো রান না দিয়েই ৪.২ ওভারে ৪ উইকেট শিকার করেছেন।
অবাক হওয়ার মতো ঘটনা এখানেই শেষ হয়নি। কারণ এটি দলীয় সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়তে পারেনি। সর্বনিম্ন স্কোরের রেকর্ডটি ধরে রেখেছে সমারসেট ক্লাব। ১৯১৩ সালে গ্লাসটোনবারির বিপক্ষে শূন্য রানেই অল আউট হয়েছে তারা।
তবে প্রথম শ্রেণীর ম্যাচে সর্বনিম্ন স্কোরটি আরেকটু বেশি। ১৮১০ সালে রেকর্ডটি গড়েছে দ্য বি'স। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬ রানে অল আউট হয়েছিল দলটি।
টেস্ট ম্যাচে সর্বনিম্ন দলীয় স্কোর ২৬। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই লজ্জাজনক রেকর্ডের মালিক হয়েছে নিউজিল্যান্ড।
ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই