টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পূরণ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যান শামসুর রহমান। তবে শ্রীলংকার বিপক্ষে এই সেঞ্চুরি করার পর সাজঘরে ফিরে গেছেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেটের বিনিময় ২৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৭ রান করা ইমরুল কায়েসের সঙ্গে ৮ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক।
বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে দলীয় ৮৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল ৯ উইকেট। দ্বিতীয় দিনে ইনিংসের শুরুতে রানের খাতা খোলার আগে এক উইকেট হারালেও শামসুর-কায়েস জুটিতে আশার আলো দেখছে স্বাগতিকরা।
আগের দিনের ৪৫ রান নিয়ে খেলা শুরু করা শামসুর দিনের শুরুতে প্রথম হাফ-সেঞ্চুরি পূরণ করেছেন। পরে সেটিকে নিয়ে গেছেন সেঞ্চুরিতে। তার সঙ্গে সমান তালেই রানের চাকা সচল রেখেছেন ইমরুল। সেঞ্চুরি পূরণ করেছেন তিনিও।
তবে মেন্ডিসের বলে শামসুর সরাসরি বোল্ড হয়ে গেলে তাদের ২৩২ রানের জুটির সমাপ্তি হয়। মাঠ ছাড়ার আগে ১৯১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০৬ রান করেছেন গত ম্যাচে অভিষেক হওয়া শামসুর।