জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার (ডাক নাম কৌশিক) ৩৩ তম জন্মদিন আজ। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে তার নানাবাড়ীতে জন্মগ্রহণ করেন।

আজকের এই খুশির দিনে ক্যাপ্টেন মাশরাফির জন্য অন্যরকম আনন্দই বটে। কারণ আজকের এই দিনে জন্মনেন মাশরাফি ও সুমি দম্পত্তির দ্বিতীয় সন্তান সাহেল মর্তুজা। ২০১৪ সালে আজকের এই দিনে ঢাকায় তার ছেলে সাহেল জন্মগ্রহণ করেন।

মাশরাফির জন্মদিনে পৃথক পৃথক ভাবে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান. মাহমুদুল্লাহ রিয়াদসহ আরো অনেকে।

নব্বইয়ের দশকে নড়াইলের ক্রিকেটার-সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন উঠতি তরুণদের যত্ন নিতেন। তিনি মাত্র ১১ বছর বয়সের মাশরাফিকে তার ক্লাব নড়াইল ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ করে দেন। এ সময় থেকেই মাশরাফির গতি দৃষ্টিগ্রাহ্য হতে শুরু করে।

১৯৯১-এর দিকে মাগুরায় বিকেএসপির প্রতিভা অন্বেষণ ক্যাম্পের বিকেএসপি কোচ বাপ্পির সান্নিধ্যে এসে বোলিংয়ের অনেক মৌলিক বিষয়ের সঙ্গে পরিচিত হন। পরের বছর খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ এবং ঢাকায় আসা।

পরবর্তীতে সুযোগ পান জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে। সেসময় তার বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের পরিচর্যায় পাল্টে যান মাশরাফি। অনুর্ধ ১৯ দলে থাকতে মাশরাফি দারুন পারফরম্যান্সের কারণে জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে ‘এ’ দলের খেলায় তিনি সুযোগ পান। এ নিয়ে সমালোচনা হয়।

ক্রিকেট ক্যারিয়ারে তিনি মাত্র ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। ইনজুরি বাঁধা হয়ে না দাঁড়ালে হয়তো এখন তিনি টেস্ট দলে সক্রিয় থাকতেন। টেস্ট না খেললেও সীমিত ওভারের খেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫৭টি একদিনের ম্যাচ ও ৩১টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।

এএস