বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচেও জয় পেল না বাংলাদেশ। তুলনামূলক দুর্বল দল আয়ারল্যান্ডের কাছেও শেষ প্রস্তুতি ম্যাচে হেরেছে মাশরাফিরা। বৃহস্পতিবার সিডনিতে ৪ উইকেটে হেরেছে।

টেস্ট খেলুড়ে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে ৫০ ওভার ব্যাটও করতে পারেনি। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় মাত্র ৪৮.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৮৯ রান সংগ্রহ করতে পারে।

ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১২ রানে ওপেনার তামিম ইকবাল সাজঘরে ফিরে যান। দলীয় ৩০ রানে বিদায় মুমিনুল হকের। আরেক ওপেনার এনামুল হক বিজয় ও সৌম্য সরকারের ৫৮ রানের জুটি প্রাথমিক বিপর্যয় সামল দেয়। তবে তাতে শেষ রক্ষা হয়নি।

ব্যক্তিগত ২৫ রানে বিজয় আউট হওয়ার পর ব্যক্তিগত ৪৫ রানে সৌম্য রান আউট হলে আবার বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২৬, সাব্বির রহমান ২০ এবং মাশরাফি ২২ রানে আউট হলে ২০০ রান পার করার আগেই ইনিংস শেষ হয়ে যায় তাদের।

আয়ারল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন জন মুনি ও ম্যাক্স সরেনসেন।

জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারালেও আইরিশদের বিপদ মুক্ত করেছে এড জয়েসের ৪৭ ও বলবিরনির হার না মানা ৬৩ রানের ইনিংস দুটি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৮৯/১০; ৪৮.২ ওভার (সৌম্য ৪৫, মুশফিক ২৬, বিজয় ২৫; সরেনসেন ৩/৩১, মুনি ৩/৩২)

আয়ারল্যান্ড : ১৯০/৬; ৪৬.৫ ওভার (বলবিরনি* ৬৩, জয়েস ৪৭; তাইজুল ২/২৯)

জেডআই