নারী ও মদ নিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ২২ বছর বয়সি পাকিস্তানি ক্রিকেটার রাজা হাসান।

লাহোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাহোরের একটি হোটেলে পুলিশ তল্লাশি চালায়। সেখানে মদ্যপ অবস্থায় একটি দলকে পুলিশ গ্রেফতার করে। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের স্পিনার রাজা হাসানও। সেখান থেকে তাদের মদ ও নারীসহ গ্রেফতার করা হয়েছে।

এর আগে নিষিদ্ধ মাদক কোকেন নিয়ে ভীষণ বিপদে পড়েন রাজা হাসান। করাচিতে পেন্টাগুলার কাপে পাঞ্জাব বাদশাহর হয়ে খেলার সময় তাকে নিয়ে সন্দেহ হয়। ওয়াডা অনুমোদিত ভারতের এক পরীক্ষাগারে তার মূত্র নমুনায় কোকেনের অস্তিত্ব পাওয়া যায়।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় দলে হয়ে মাত্র একটি ওয়ানডে খেলেছেন রাজা হাসান। ২০১৪ সালে ১০ অক্টোবর একদিনের ক্রিকেটে সেই অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি উইকেটও নেন তিনি।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তার পথচলা শুরু ২০১২ সালের ৫ সেপ্টেম্বরে। ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ১০টি উইকেট। বিশ্ব ক্রিকেটকে আরো অনেক কিছুই দেওয়ার রয়েছে পাকিস্তানের এ উদীয়মান তারকার। কিন্তু যেভাবে বিতর্কে জড়াচ্ছেন হাসান, তাতে তার ক্যারিয়ারটা হুমকির মুখেই পড়তে শুরু করেছে।

কেএইচ