জিম্বাবুয়ে-এ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ-এ দল। বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনে ১১৮ রানের জয় নিশ্চিত করেছে নাঈম ইসলামরা।
কক্সবাজারে অনুষ্ঠিত প্রথম ম্যাচটিতে ৬ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। ফতুল্লায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটির জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। এ কারণে ম্যাচটি একদিন পিছিয়েও দেয়া হয়েছিল। তবে বৃষ্টির হানা থেকে রক্ষা পাওয়া যায়নি। তবুও ম্যাচটিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ।
স্বাগতিকদের এই জয় এনে দিতে বড় অবদান রেখেছেন বোলাররা। সাকলাইন সজীব ও জোবায়ের হোসেন তছনছ করে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন। ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮০ সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় সফরকারী দলটি।
এদিন জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রিয়ান চারি সর্বোচ্চ ৭৪ রান করেন। এছাড়া গাম্বি ৩৫ রান ও মাবুয়ু ২৯ রান করেন। আর কোনো ব্যাটসম্যানই রানের খাতা দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বাংলাদেশের বোলার সাকলাইন ৫টি ও জোবায়ের তিনটি উইকেট পান।
এর আগে দিনের শুরুতে ১০৮ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল ৫ উইকেট। এদিন আর মাত্র একটি উইকেট হারিয়ে মোট ১৭২ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ইনিংস শেষে ৫০ রান নিয়ে অপরাজিত ছিলেন নাঈম।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ-এ দল: ২৫৮ ও ১৭২/৬ (ডি.)
জিম্বাবুয়ে-এ দল: ১৩২ ও ১৮০
ফলাফল: বাংলাদেশ এ দল ১১৮ রানে জয়ী।
ম্যাচসেরা: জোবায়ের হোসেন, ৭ উইকেট (বাংলাদেশ)
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





