বাংলাদেশের কোনো ক্লাব হিসেবে প্রথমবারের মতো প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ইতিহাস গড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। নিজেদের শেষ ম্যাচে ভুটানের উগেইন একাডেমিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠেছে নীল জার্সিধারীরা।
এর আগে পাঁচবার প্রেসিডেন্টস কাপে অংশগ্রহণ করে ঢাকা আবাহনী লিমিটেড। কিন্তু একবারও চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করতে পারেনি ক্লাবটি। কিন্তু বাংলাদেশের ক্লাবগুলোর সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখালো শেখ রাসেল।
আগের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিমান বাহিনীকে উড়িয়ে দিয়েছে শেখ রাসেল। শেষ ম্যাচেও শুরু থেকে দুর্দান্ত ছিলেন মিঠুনরা। আক্রমণাত্মক খেলার প্রথম ১০ মিনিটেই গোলের সুযোগ পায় বাংলাদেশের ক্লাবটি। কিন্তু প্যাসকেল ও মিঠুন সুযোগ দুটি কাজে লাগাতে পারেননি।
তবে গোলের দেখা পেতে বেশি দেরি হয়নি। খেলার মাত্র ১৩ মিনিটেই গোল মুখ খোলে দ্রাগানের শিষ্যরা। সতীর্থ মিঠুনের পাস থেকে ডিবক্সের ভিতরে বল পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি হাইতিয়ান মিডফিল্ডার প্যাসকেল মিলিয়েন।
এর সাত মিনিটের মধ্যে দলের লিডকে ডাবলে নিয়ে যান মিঠুন। এবার তাকে বল বাড়িয়ে দিয়েছেন প্রথম গোল করা প্যাসকেল। এরপর ৩০ মিনিটে ডান প্রান্ত থেকে প্যাসকেলের ক্রসে দারুণ প্লেসিংয়ে স্কোরলাইনে ৩-০ করেন শাকিল। এভাবেই এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ রাসেল।
দ্বিতীয়ার্ধে আরো এক গোলের দেখা পায় শেখ রাসেল। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে এই গোলটি করেন মিঠুন।
উল্লেখ্য, এর আগে আশি সালের দিকে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে দুই বার দ্বিতীয় রাউন্ডে খেলেছিল মোহামেডান ক্রীড়াচক্র। এরপর দীর্ঘ অপেক্ষার পর আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো শেখ রাসেল।
ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি) //জেডআই