বৃষ্টির কারণে ফতুল্লা টেস্টের চতুর্থ দিনের বাকি সময়ের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দিন শেষে ভারতের চেয়ে ৩৫১ রানে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার চতুর্থ দিনের শুরুতেই প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম তিন দিনে নিজেদের প্রথম ইনিংসে ছয় উইকেটের বিনিময় ৪৬২ রান সংগ্রহ করেছিল তারা।
জবাবে মাত্র ৩০.১ ওভারে তিন উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইমরুল কায়েস ৫৯ ও সাকিব আল হাসান শূন্য রানে অপরাজিত রয়েছেন।
ফতুল্লা টেস্টের চতুর্থ দিন সকালেই হাবিবুল বাশারকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়ে যান তামিম ইকবাল। হাবিবুল বাশারের ৩ হাজার ২৬ রান ছাড়িয়ে যেতে তামিমের প্রয়োজন ছিল ৭ রান।
তবে মাইলফলকে পৌঁছার দিনটিকে স্মরণীয় করতে পারেননি তামিম। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্টাম্পিং হয়ে ফিরে যাওয়ার আগে ১৯ রান করেন তিনি।
অশ্বিনের বলে একটু এগিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন তামিম। বলে ব্যাট লাগাতে পারেননি, সময় মতো ফিরতেও পারেননি তিনি। সুযোগ কাজে লাগিয়ে তাকে স্টাম্পিং করেন ঋদ্ধিমান সাহা।
হরভজন সিংয়ের এগিয়ে এসে চার হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান ইমরুল কায়েস। ৭৫ বলে ফিফটিতে পৌঁছাতে সব মিলিয়ে নয়টি চার হাঁকান এই বাঁহাতি ব্যাটসম্যান।
হরভজনের বলে এগিয়ে এসে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরেন মুমিনুল হক (৩০)। রবিচন্দ্রন অশ্বিনের পরের ওভারে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিকুর রহিম (২)।
জেডআই





