ঢাকা প্রিমিয়ার লিগের ১৮তম বারের শিরোপা জিতল আবাহনী। ১২ জুনের স্থগিত আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের ভবিষ্যৎ​ নির্ধারণে গঠিত কমিটির সুপারিশে ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকেই ১ পয়েন্ট দেয়ার পরে আবাহনীর শিরোপা নিশ্চিত হয়।

মিরপুরে বুধবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সে বিষয়ে সিদ্ধান্ত আগেই জানিয়ে দেয়া হলেও সবাইকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় রাখেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। শেষ পর্যন্ত কমিটির সুপারিশ অনুযায়ীই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে যে ১২ জুনের ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে মোট ২৩ পয়েন্ট নিয়ে এবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীই।

আবাহনী এর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১০-১১ মৌসুমে। এ নিয়ে প্রিমিয়ার লিগে আঠারোতম বারের মতো শিরোপা জিতল ধানমন্ডির ক্লাবটি।

পরিত্যক্ত ম্যাচে অভিযুক্ত খেলোয়াড়দের শাস্তিও ঘোষণা করা হয়েছে । তামিম ইকবালকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি বহিষ্কার করা হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরবর্তী এক ম্যাচ থেকে। প্রাইম দোলেশ্বরের নাসির হোসেনকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা।

এ ছাড়া ম্যাচ পরিচালনা না করে মাঠ ছেড়ে যাওয়ায় দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভির আহমেদের বিরুদ্ধে আম্পায়ার্স বিভাগের নীতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।

এমআইএস