এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না বাংলাদেশের তরুণীরা। রোববার নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ২-১ গোলে হেরেছে তারা।

প্রথম ম্যাচে জর্ডানকে হারানোর আরব আমিরাতকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ। এদিন ভারতের বিপক্ষেও তারা এগিয়ে যায় স্বাগতিকরা।

খেলার ২০ মিনিটে ভারতের ডিফেন্ডার অমৃতা কুমারী অবৈধভাবে বাংলাদেশের ফরোয়ার্ড কৃষ্ণা রাণীকে ফেলে দেন। এতে পেনাল্টি কিক পায় লাল-সবুজবাহিনী। আর সেখান থেকে গোল করতে ভুর করেন গত দুই ম্যাচে তিন গোল করা সানজিদা।

কিন্তু ২৯ মিনিটে পেনাল্টি কিক থেকে ভারতকে সমতায় ফেরান রোজা দেবী। ডিফেন্ডার শর্মিলা, মাসুরা পারভীন ও খাদিজা আক্তার সীমা ইন্ডিয়ান ফরোয়ার্ড সুস্মিতার সামনে প্রাচীর হয়ে দাঁড়ান। কিন্তু এতে পড়ে যান সুস্মিতা। ফলে পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের জন্য আরো দুর্ভাগ্য আসে খেলার ৬৪ মিনিটে। ইন্ডিয়ান মিডফিল্ডার প্রেমিকে ফাউল করায় ডিফেন্ডার মাসুরা পারভীনকে লাল কার্ড দেখায় রেফারি। আর সেখান থেকে নেয়া ফ্রি কিকে গোল করতে ভুল করেননি ভারতের মিডফিল্ডার কাশমিনা।

খেলার বাকি সময় ১০ জনের দল নিয়ে লড়াই করে বাংলাদেশ। কিন্তু আর কোনো গোল করতে পারেনি তারা। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

শেষ ম্যাচে শক্তিশালী ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ।

জেডআই