এ বছর ব্যালন ডি'অর জিতবে কে, আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি নাকি পতুর্গাল সুপারস্টার রোনালদো? নাম ঘোষণা হবে আজ বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
তবে তার আগেই ফাঁস হয়ে গেলো ব্যালন ডি'অর জয়ীর নাম। কে জিতলেন এবার? কীভাবে ফাঁস হলো?
শুনলে আশ্চর্য হলেও জয়ীর নাম ফাঁস করেছে নাইকির বুট! হ্যাঁ, জনপ্রিয় খেলাধুলার সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান নাইকি রোনালদোর জন্য তৈরি তাদের নতুন বুটের নিচে পঞ্চমবারের মতো জেতা এই পুরস্কারের সাল লিখে দিয়েছেন।
সাথে আছে আগের চারবারের পাওয়া সালগুলোও। ফাজ ফ্লাঙ্গার নামের এই বুট নিচে লেখা আছে - সিআর ২০১৭, ১৬, ১৪, ১৩, ০৮।
তাই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের ব্যালন ডি'অরের পুরস্কার হাতে উঠটে যাচ্ছে রোনালদোর।
এবারের পুরস্কারের জন্য ইতোমধ্যে ৩০ জনের শর্ট লিস্ট প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। সংক্ষিপ্ত তালিকায় নেইমার, কাভানি, ডি ব্রুইনি, দিবালা, হ্যারি কেইনদের নাম আছে। তবে সব সময়ের মতো আলোচনার শীর্ষে মেসি আর রোনালদো।
কারণ ২০০৮ সাল থেকে গেলো নয় বছর ট্রফিটা ভাগাভাগি করে নিয়েছেন এ দু'জন। পাঁচবার ছিল মেসির দখলে আর চারবার রোনালদোর। তবে সর্বোচ্চ ৫০টি গোল নিয়ে ব্যালন ডি'অরের এবারের তালিকায় শীর্ষে ছিলেন রোনালদো। যদি 'নাইকি'র এই তথ্য সত্যি হয়, তবে এই পুরস্কার জয়ের সাথে মেসিকে ছুঁয়ে ফেলবেন রিয়াল তারকা।
রোনালদোর সাক্ষাৎকার
ফ্রেঞ্চ দৈনিক এল’ইকুয়েপ এ দেয়া এক সাক্ষাতকারে পর্তুগীজ তারকা রোনালদো বলেছিলেন, ‘গত মৌসুমটা ছিল ব্যতিক্রম। আমরা লীগ ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছি। যেখানে আবারো আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম। আমি যদি ব্যালন ডি’অর জিতি তবে সেটা হবে অসাধারণ’
রোনালদো বলেন, ‘কোনোকিছুই আজীবনের জন্য নির্ভুল নয়, কোনো খেলোয়াড়ই পুরো মৌসুম শতভাগ দিতে পারে না। একটা সময় আসে যখন অন্যদের থেকে নিজেকে ভালো মনে হয়। তারপরেও কোনো মৌসুমই কারো একরকম যায় না।
আমরা এখন ভিন্ন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমরা সবাই উপলব্ধি করতে পারছি। আমাদের এটা মেনে নিতে হবে। তার অর্থ এই নয় যে সবসময়ই পরিস্থিতি এমনই থাকবে। অবশ্যই এটা পরিবর্তিত হবে।’
৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেসি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে ব্যালন ডি'অর পুরস্কার জয় করেছিলেন। অন্যদিকে ৩২ বছর বয়সী রোনালদো জিতেছেন ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে।
উল্লেখ্য, এ বছর রোনালদোর ঘরে এসেছে নতুন অতিথি। তার বান্ধবী জর্জিনা রডরিগুয়েজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
এই নিয়ে চতুর্থবারের মত বাবা হলেন রোনালদো। আর নতুন অতিথিকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত পর্তুগীজ তারকা বলেছেন, এখন ঘরে আওয়াজ একটু বেশি হচ্ছে, কিন্তু আমি এটা দারুণ উপভোগ করছি। সন্তানদের সান্নিধ্যে সত্যিকার অর্থেই আমি খুব গর্বিত।
চারজন যথেষ্ট নয়, আমি আরো চাই। সাতটি সন্তানের পাশাপাশি সাতবার ব্যালন ডি’অর জিততে চাই। যতদিন খেলব ততদিনই সবকিছু জয় করতে চাইব।
এখন আমার স্বপ্ন হচ্ছে পঞ্চম ব্যালন ডি’ অর জয় করা। (১৮ নভেম্বর প্রকাশিত সংবাদ)
এমএ





