চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভা শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো বাংলাদেশের পেশাদার টি-টুয়েন্টি ক্রিকেট লিগ বিপিএল আয়োজন করে বিসিবি। ২০১৩ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করে বিসিবি। দু'বারই চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটর্স।
কিন্তু বিপিএল-এ ম্যাচ পাতানোর ঘটনা দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনার শিকার হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র দুর্নীতি দমন বিভাগ (আকসু) ফিক্সিংয়ে জড়িত বলে দশ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। ম্যাচ পাতানোর দোষ স্বীকার করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আশরাফুল ইসলাম। এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীসহ আরো কয়েকজন ক্রিকেটারকে ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করে শাস্তি দেন।
এ সব ঘটনায় ২০১৪ সালে বিপিএল-এর কোনো আসর অনুষ্ঠিত হয়নি। অবশেষে ২০১৫ সালের শেষের দিকে এই টুর্নামেন্টে আয়োজনের ইঙ্গিত দিলেন বিসিবি প্রধান।
জেডআই





