আসন্ন বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের টিকিট বিক্রির স্বত্ব পেয়েছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি)। বৃহস্পতিবার থেকে নির্ধারিত ব্রাঞ্চ ও ইউক্যাশ এর মাধ্যমে টিকিট বিক্রি শুরু করেছে ব্যাংকটি।
আগামী শনিবার বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে। ওদিন ব্যাংক ছুটি থাকলেও কিছু কিছু ব্রাঞ্চ থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে কোন কোন ব্রাঞ্চ খোলা থাকবে তা এখনও জানা যায়নি।
ঢাকা, খুলনা ও চট্টগ্রামে টেস্ট ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা। এ ছাড়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রাম ও মিরপুরের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ তিন হাজার টাকা।
ঢাকার ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) পাঁচটি শাখায়। শাখাগুলো ধানমন্ডি, মিরপুর, বিজয় নগর, বসুন্ধরা ও উত্তরা শাখায়। চট্টগ্রামের ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে দামপাড়া, হালিশহর, মুরাদপুর ও আন্ধারকেল্লা শাখায়। খুলনায় অনুষ্ঠিত এক মাত্র টেস্টের টিকিট পাওয়া যাবে খুলনা প্রধান শাখা ও খানজাহান শাখায়।
শনিবার ম্যাচ শুরু হলেও টিকিট হাতে পাবেন না অনেক দর্শক। রবিবার থেকে সব ব্রাঞ্চে টিকিট বিক্রি শুরু হবে। ব্যাংকের কোনো ব্রাঞ্চ যদি খোলা সম্ভব না হয় তবে অস্থায়ী বুথ বানিয়ে টিকি বিক্রি পরিচালনা করবে ব্যাংকটি। টিকিটের মূল্যের সঙ্গে সরকারি ১৫% ভ্যাট দিয়ে দর্শকদের তা কিনতে হবে।
মিরপুরের প্রথম টেস্ট টিকিট মূল্য: পূর্ব গ্যালারি ২০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৫০ টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৭৫ টাকা, ভিআইপি ১০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড উত্তর ও দক্ষিণ ৩০০ টাকা। বেক্সিমকো হসপিটালিটি বক্স উত্তর, বিসিবি প্রেসিডেন্স বক্স দক্ষিণ এক হাজার টাকা। একই গ্যালারিতে ওয়ানডে ম্যাচের জন্য মিরপুর টিকিটের দাম ১০০, ১৫০, ৩০০, ৫০০, এক হাজার, দুই হাজার ও তিন হাজার টাকা।
চট্টগ্রাম টেস্ট পূর্ব গ্যালারি ২০ টাকা, পশ্চিম গ্যালারি ৫০ টাকা, গ্লাব হাউজ পূর্ব, পশ্চিম ও ইন্টারন্যাশনাল গ্যালারি ৭৫ টাকা। গ্রান্ড স্ট্যান্ড ও হসপিটালিটি ৩০০ টাকা। হসপিটালিটি বক্স গ্রাউন্ড, বিসিবি কর্পোরেট এক হাজার টাকা। একই গ্যালারিতে দুটি ওয়ানডে ম্যাচের টিকিটের দাম ১০০, ১৫০, ৩০০, এক হাজার ও তিন হাজার টাকা।
খুলনা টেস্টের টিকিট দাম ইস্টার্ন স্ট্যান্ড ২০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৫০ টাকা, ক্লাব হাউজ পূর্ব ও পশ্চিম ৭৫ টাকা। ইন্টারন্যাশনাল পূর্ব ও পশ্চিম ১০০ টাকা ও বিসিবি করর্পোরেট এক হাজার।
জেডআই





