ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মাত্র ৭টি টেস্ট ২৭টি ওয়ানডে ম্যাচ খেলা জেমস টেলরকে মাত্র ২৬ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বলতে হচ্ছে। ব্যাট হাতে আরও কিছুদিন চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু ভাগ্য সেটা হতে দিচ্ছে না। তাই মাত্র ছাব্বিশেই শেষ টেলরের ক্রিকেট।

হার্টের দুর্বল অবস্থার জন্য ক্রিকেটকে গুডবাই বলতে হচ্ছে টেলরকে। শক্তিশালী স্কিন পরীক্ষার পর টেলরের হার্টের নাজুক অবস্থার কথা জানান বিশেষজ্ঞ ডাক্তাররা। ফলে ক্রিকেট থেকে অবসরে যেতে হচ্ছে তাকে। এর আগে ফুটবলার ফ্যাবরিক মুয়ামবারও একই সমস্যার জন্য ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল।

নটিংহ্যামশায়ারের হয়ে খেলা মিডলঅর্ডার ব্যাটসম্যান টেলর গত সপ্তাহে ক্যামব্রিজ এমসিসিইউর বিপক্ষে ম্যাচে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এক টুইট বার্তায় নিজের হতাশা প্রকাশ করে জেমস জানান, ‘এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ। আমার পৃথিবী ক্রমেই নিম্নগামী হচ্ছে। তবে আমি টিকে থেকে লড়াই চালিয়ে যেতে চাই।’

টেলরের অপ্রত্যাশিত অবসরের জন্য দুঃখ প্রকাশ করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের টিম ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস জানান, ‘পুরো ক্যারিয়ার জুড়েই সামর্থ্যরে সেরাটা দিতে টেলর দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। এটা অত্যন্ত দুঃখজনক যে তার মতো একজন সম্ভাবনাময় এবং কঠোর পরিশ্রমী ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে আর মেলে ধরতে পারবেন না।’

 

এমআইএস।