ভারতীয় ‘এ’ দলের কাছে ওয়ানডে সিরিজ খোয়ানো বাংলাদেশ ‘এ’ দল আজ প্রথম তিন দিনের ম্যাচে কর্নাটকের মুখোমুখি হয়েছে। কিন্তু ভারতের বর্তমান রঞ্জি চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মুমিনুল হকের দল, ৪১ রানেই ৫ উইকেট হারিয়েছে।

মঙ্গলবার মাইসোরে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে স্কোরবোর্ডে কোনো রান জমা না-হতেই সাজঘরে ফেরেন রনি তালুকদার।

মুরলিকৃষ্ণ প্রাসিধের বলে শিশির ভবানিকে ক্যাচ দেন বাংলাদেশ ‘এ’ দলের এই ওপেনার। দলীয় ১ রানে সরথের বলে বিদায় নেন ব্যক্তিগত ১ রান করা মুমিনুল।

১ রানেই ২ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন লিটন দাস ও এনামুল হক। কিন্তু দলীয় ২৭ রানে প্রাসিধের বলে বোল্ড হয়ে ফিরে যান এনামুল।

একই ওভারে শূন্য রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। ওয়ানডে সিরিজে দারুণ খেলা নাসির হোসেনও এদিন ব্যর্থ হয়েছেন। দলীয় ৪১ রানে তার বিদায়ে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা।

একমাত্র লিটন দাসই এক প্রান্ত আগলে রেখেছেন। শুভাগত হোমের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনিই।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৫ উইকেটে ৬২ রান। লিটন ৪০ ও শুভাগত ৮ রানে অপরাজিত আছেন।

এমকে