নিজের সাবেক দলের বিপক্ষে মাঠে নামার আগে বিতর্কের জন্ম দেন এই বর্ষীয়ান স্পিনার। গায়ানাকে নেতৃত্ব দেয়া তাহির টস পর্বে কথা বলতে গিয়ে জানান, বিপিএলে খেলাবাবদ চুক্তির পুরো টাকা পরিশোধ করেনি রংপুর।
গত বিপিএলে খেলা বাবদ রংপুর রাইডার্সের কাছে চুক্তির টাকা পাওনা থাকার কথা সম্প্রতি জানান ইমরান তাহির। তিনি বলেন, 'আমি এই ম্যাচটি গায়ানার হয়ে জিততে চাই। ব্যক্তিগত কারণেও জিততে চাই। আমি রংপুর রাইডার্সের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছি কিন্তু এখনো চুক্তির পুরো অর্থ আমি পাইনি।'
'গায়ানা তাদের স্বাগত জানিয়েছে, তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে। তারা এখানে কিছু অর্থ আয় করতে পারবে, ভালো ক্রিকেট খেলতে পারবে। তাদের দেখাতে চাই যে আমরা তাদের চেয়ে ভালো মানুষ।'
সাবেক এই প্রোটিয়া পেসারের এমন দাবিতে বিব্রত রংপুর রাইডার্স। পরে গ্লোবাল সুপার টি-টোয়েন্টির শিরোপা জিতেই দেশে ফিরেছে রংপুর। আর দেশে ফিরেই ইমরান তাহিরের বিষয়টি নিয়ে মুখ খুলেছে তারা। ইমরান তাহিরের বেতন বকেয়া রাখার অভিযোগ উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স।
রংপুরের পরিচালক শানিয়ান তামিম বলেন, 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পেমেন্টের ব্যাপারটা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের হয়। কিন্তু উনি স্টেটমেন্ট দিয়েছেন যে, আমরা ওনাকে পেমেন্টই দেইনি, আসলে পুরোটা ভুল। ওদের এজেন্টের কাছ থেকে আমাদের কাছে মেইল এসেছে যে, ওদের ডিউ পেমেন্টটা কবে পরিশোধ করা হবে এবং আমি নিজের হাতে পেমেন্টসের শিডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম। অক্টোবরে যে ওদের একটা আংশিক পেমেন্ট যাবে, এটাও ইমরান (তাহির) ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে। পৌঁছানোর পর ডিসেম্বরের শেষদিকে ফুল পেমেন্টটা যাওয়ার কথা। যেহেতু ওনারা আংশিক পেমেন্টটা গ্রহণ করেছেন, তাতে আমরা বুঝতে পেরেছি আমাদের মেইলটাও এক্সেপ্ট করেছে। তাই ওনার এই ধরণের কথা বলাটাকে আমি অপেশাদারিত্বের উদাহরণ বলে মনে করি।'
তিনি যোগ করেন, 'এরপর ওনার সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। গায়ানায় এই স্টেটমেন্ট দেয়ার আগেও দেখা হয়েছে। আমি মনে করি ওনার সঙ্গে আমার সেই রিলেশনশিপ আছে, যার কারণে আমাকেই জিজ্ঞাসা করতে পারতেন যে, পেমেন্টটা কবে আসবে। আমার মনে হয় এটা ইন্টারন্যাশনালই বা লাইভ টেলিভিশনে না দিলেই ভালো হতো।'
তবে মিথ্যা অভিযোগ তুলে মানহানি করা হয়েছে বলে মনে করলেও এই প্রোটিয়া তারকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে না রংপুর। তামিম বলেন, 'সত্যি বলতে উনি ওনার বক্তব্য দিয়েছেন। আমি মনে করি, এভাবে বক্তব্য দেয়াটা ঠিক হয়নি। একইভাবে আমাদের কোনো লিগ্যাল অ্যাকশন নিয়ে খামাখা পেছনে ফিরে যাওয়াটা ঠিক হবে না। তবে এটাতে অবশ্যই আমাদের মানহানি হয়েছে। আমাদের জন্য ইনসাল্ট হয়েছে, কিন্তু উনি ইনসাল্ট করেছেন বলেই যে আমাদেরও পাল্টা জবাব দিতে হবে, এমন কিছু না।'
এই ঘটনার পর ইমরান তাহিরের সঙ্গে রংপুর রাইডার্সের সম্পর্ক শেষ হবে বলে মনে করেন না শানিয়ান তামিম। দলের প্রয়োজনে এই প্রোটিয়া তারকার সঙ্গে ফের জুটি বাঁধতে আপত্তি নেই বলে জানান রংপুরের পরিচালক।
তিনি বলেন, 'উনি অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন, উনি খেলাটার একজন লিজেন্ড। উনি ওনার বক্তব্য দিতেই পারেন, সেই সময় হয়ত হিট অব দ্য মোমেন্টে ওনার কাছে খারাপ লেগেছে বলে উনি ওই বক্তব্য দিয়েছেন। কিন্তু আমি এখন ও মনে করি, আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে, রংপুর রাইডার্সে ইমরান তাহির খেললে টিমের অ্যাডভান্টেজ হবে, আমার এতো ইগো নেই যে আমি তার কাছে রিচ করতে পারব না। আমার প্রথম প্রায়োরিটি রংপুরের পারফরম্যান্স, দিনশেষে রংপুরের রেজাল্টের জন্য যদি আমাদের ইমরান তাহিরকে লাগে, তবে আমরা অবশ্যই তার কাছে পৌঁছার চেষ্টা করব।'
এনএইচ





