ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমারকে মারাত্মক ফাউল করায় কলম্বিয়ার ডিফেন্ডার ক্যামিলা জুনিগাতে মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল। এই হুমকির পর তার নিরাপত্তার ব্যবস্থা করেছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।

গত ৪ জুলাই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় কলম্বিয়া। স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। কিন্তু ম্যাচটিতে জুনিগার হাঁটুর আঘাতে ব্রাজিল তারকা নেইমার মেরুদণ্ডে আঘাত পান। ম্যাচের ৮৮ মিনিটে এ আঘাত পেয়ে তাৎক্ষনিকভাবে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় নেইমারকে এবং সঙ্গে সঙ্গে তার বিশ্বকাপ মিশনও শেষ হয়ে যায়।

তবে এ জন্য নেপোলি ডিফেন্ডার জুনিগাকে অতিরিক্ত কোন শাস্তি পেতে হয়নি। কিন্তু নেইমারের মেরুদণ্ডে তার হাঁটুর আঘাতকে ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা ‘ভীতুদের ট্যাকল’হিসেবে অভিহিত করে সমালোচনা করেছেন।

জুনিগা এটাকে ‘স্বাভাবিক’চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন এবং ফেডারেশন কলম্বিয়ানা ডি ফুটবল (সিএফসি) ২৮ বছর বয়সী এ তারকা খেলোয়াড়কে সমর্থন করে আসছে।

জাতীয় ফুটবল কমিটি গতকাল এক বিবৃতিতে বলে, ‘ক্যামিলো জুনিগা ও তার পরিবারের প্রতি সকল প্রকার হুমকি এবং অবমাননাকে প্রত্যাখ্যান ও নিন্দা জানায় সিএফসি।’

‘সিএফসি তার নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারি সংস্থাগুলো কলম্বিয়ায় এবং স্থায়ী নিবাস ইতালিতে জুনিগা ও তার পরিবারের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবে।’

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই