চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল কোলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মোকাবেলা করবে স্বাগতিক ভারত। ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার মনে করছেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আমিরকে ভারতীয় ব্যাটসম্যানদের সমীহ করা উচিত। এমনকি এ ম্যাচে পাকিস্তান কিছুটা এগিয়ে থাকবে বলেও মনে করছেন তিনি।
ইডেনে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে হাই ভোল্টেজ এ ম্যাচ হবে ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তানী বোলিং। তাই প্রতি পক্ষের সেরা পেসার আমিরকে সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানদের পরামর্শ গাভাস্কারের। মঙ্গলবার নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর ২নং গ্রুপ থেকে টুর্নামেন্টের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হবে।
ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধাদেশ কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই দারুণ ফর্মে আছেন আমির। নিজের গতি দিয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের জীবন ঝালাপালা করে আসছেন তরুণ এ বাঁ-হাতি পেসার এবং গাভাস্কার বলেন ভারতীয় ব্যাটসম্যানদের অবশ্যই তাকে সমীহ করতে হবে, যথাযথ সম্মান দিতে হবে।
নয়াদিল্লি টেলিভিশনকে গাভাস্কার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই আমিরের মুভমেন্ট ব্যাটসম্যানদেরকে সমস্যায় ফেলছে। তার বল খুবই সুয়িং করছে যে কারণে ব্যাটসম্যানরা সমস্যায় পড়ছে। অন্য বাঁ-হাতি বোলাররা যা পারছে না আমির সেটাই করছে তাই অবশ্যই তাকে সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে।’
তিনি আরো বলেন, দারুণ ছন্দে থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে অবশ্যই আমিরের বল দেখে, বুঝে খেলতে হবে। ‘অন্তত পক্ষে প্রথম দুই ওভার রোহিতকে’ অবশ্যই সতর্কতার সঙ্গে খেলতে হবে।’
বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাত্র ৮৩ রানেই পাকিস্তান গুটিয়ে যাওয়ার পর বল হাতে প্রথম ওভারেই দুই ওপেনার রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানেকে শূন্য রানে আউট করেছিলেন আমির। আমিরের পরের ওভারেই মিড অনে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন সুরেশ রায়না। ফলে ৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল ভারত। তবে বিরোট কোহলির ৪৯ রানের কল্যাণে শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় পেয়েছিল ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের ম্যাচে ভারত কখনোই পাকিস্তানের কাছে হারেনি। তবে গাভাস্কারের মতে এটা ইতিহাস। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ৫৫ রানে জয় পাওয়ার পর ভারতের বিপক্ষে পাকরা কিছুটা এগিয়ে বলে মনে করছেন গাভাস্কার।
তিনি বলেন, ‘কোলকাতায় তারা তাদের প্রথম ম্যাচ জিতেছে এবং বলতে গেলে তারা একটা প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। অতএব ভারত নিজ কন্ডিশনে খেললেও পাকিস্তান দলও এখানকার কন্ডিশন খুব ভালো জানে এবং আগামীকালের ম্যাচে এটা হবে তাদের জন্য একটা বাড়তি সুবিধা।’
এআইজে





