৫০ ওভারের খেলা। কিন্তু এক ব্যাটসম্যানের রান ৩২৫! জাতীয় স্কুল ক্রিকেটে বিস্ময়কর এক ইনিংসই খেলেছেন মোস্তাফিজুর রহমান।
লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে ৩২৫ রান করেছে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর।
৩৫ চার ও ১৯ ছয়ের সাহায্যে মাত্র ১৪২ বলেই এই রান বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ক্যাম্পে থাকা এই ব্যাটসম্যানের। বাংলাদেশে যেকোনো পর্যায়ের প্রতিযোগিতামূলক সীমিত ওভারের ম্যাচে এটাই প্রথম ৩০০ রানের ইনিংস। মোস্তাফিজুরের তাণ্ডবেই তাঁর দল করে ৯ উইকেটে ৫১৫ রান।
এরপর স্থানীয় গিয়াসউদ্দিন উচ্চবিদ্যালয়কে ১১৭ রানে অলআউট করে ৩৯৮ রানে জিতেছে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকআর্কাইভ ঘেঁটে সীমিত ওভারের ক্রিকেটে মোস্তাফিজুরের ইনিংসের চেয়ে শুধু দুটি বড় ইনিংস পাওয়া গেছে।
২০০৮ সালে সর্বোচ্চ অপরাজিত ৩৩৪ রানের ইনিংসটি খেলেছেন ভারতের সেকান্দ্রাবাদ সেন্ট জোন্স চার্চ জুনিয়র কলেজের নিখিলেশ সুরেন্দরন।
২০১২ সালে ৩৩০ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন ইংল্যান্ডের স্থানীয় নিচু সারির এক লিগের দল টটন অ্যান্ড ইলিংয়ের ব্যাটসম্যান ডেভিড টেলর।
এসএইচ





