বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ দলের ব্যর্থতার পর ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের বিদায় ঘণ্টা বেজে যায়। গুঞ্জন শোনা যায় মামুনুলদের দায়িত্ব তুলে দেয়া হতে পারে লোপেজের হাতে। অবশেষে সেটিই সত্য হল।
গোলরক্ষক হিসেবে খেলোয়াড়ি জীবন পার করা লোপেজকে আগামী ৪ মাসের জন্য কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই হিসেবে চলতি বছরের ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে আগামী বছরের ০৯ জানুয়ারি পর্যন্ত মামুনুলদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
ইতালিয় ফুটবলার লোপেজ কখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ক্লাব পর্যায় খেললেও হাঁটুর চোটের কারণে অকালে অবসরে যেতে হয়েছিল তাকে। তবে কোচ হিসেবে সুনাম কুড়িয়েছেন।
এ এস রোমার সহযোগী ক্লাব ইউরোলিম্পিয়ার গোলরক্ষক কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করা লোপেজ সর্বশেষ মালদ্বীপের বি জি স্পোর্টস ক্লাবের হয়ে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
জেডআই





