২৪ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি। এর ফলে প্রায় ২০ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠে আসল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
ব্রাজিল বিশ্বকাপে ফাইনাল ম্যাচের আগে যৌথভাবে শীর্ষে ছিল আর্জেন্টিনা ও জার্মানি। অবশেষে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের সঙ্গে র্যাঙ্কিংয়েও শীর্ষ স্থান দখল করেছে জোয়াচিম লোর শিষ্যরা।
জার্মানির পরের অবস্থানে আছে রানার্স-আপ আর্জেন্টিনা। তিন ধাপ উন্নতি হয়েছে এই দলটির। এদিকে বিশ্বকাপের তৃতীয়স্থানে থাকা নেদারল্যান্ডস র্যাঙ্কিংয়েও তৃতীয় স্থানে উঠে এসেছে। এতে ১২ ধাপ এগিয়ে গেছে তারা। সেই সঙ্গে সেরা দশে জায়গা করে নিল ২০১০ বিশ্বকাপের রানার্স-আপ দলটি।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা প্রায় সব দলই র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। চার ধাপ এগিয়ে চার নম্বরে আছে কলম্বিয়া। ছয় ধাপ এগিয়ে বেলজিয়াম আছে পাঁচ নম্বরে। সাত ধাপ এগিয়ে ফ্রান্স রয়েছে ১০ নম্বরে আর ১২ ধাপ উন্নতিতে ১৬ নম্বরে উঠে এসেছে কোস্টা রিকা। যা তাদের এখন পর্যন্ত সেরা র্যাঙ্কিং।
তবে বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করেও র্যাঙ্কিংয়ে পিছিয়েছে স্বাগতিক ব্রাজিল। চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে নেমে গেছে তারা।
জয়ী দলগুলো যেমনি এগিয়েছেম তেমনি বিশ্বকাপ ব্যর্থতায় অনেক দল নিচে নেমে গেছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শীর্ষ স্থান থেকে আট নম্বরে চলে গেছে। আর সাত ধাপ অবনতিতে ১১ নম্বরে চলে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। পাঁচ ধাপ নেমে গিয়ে ১৪তম স্থানে ইতালি। ১০ ধাপ অবনমনে ২০তম স্থানে আছে ইংল্যান্ড। প্রতিটা দলই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে।
এদিকে চার ধাপ এগিয়ে ১৬৩ নম্বরে আছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত তিন ধাপ উন্নতিতে ১৫১তম স্থানে। এশিয়ার দলগুলোর মধ্য সবচেয়ে ভালো অবস্থানে আছে জাপান। বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও এক ধাপ এগিয়ে ৪৫তম স্থানে আছে দলটি। তবে ছয় ধাপ নেমে গিয়ে ৪৯তম স্থানে আছে ইরান।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





