ডু অর ডাই ম্যাচ। হয় প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে টিকে থাকো, নয়তো নিজেই গুঁড়িয়ে যাও! জটিল এবং কঠিন মিশন। ‘টার্গেট ফাইনাল’ মিশন।

আজ রোববার এই ‘টার্গেট ফাইনাল’ মিশনে নামছে বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত হওয়া সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান।

সিলেটের আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সৈয়দ গোলাম জিলানী নিশ্চয়ই এতে স্বস্থিবোধ করছেন না!

আজকের সেমিফাইনাল ম্যাচ নিয়ে বৃষ্টি ফ্যাক্টর কিছুটা দুশ্চিন্তায় রাখছে বাংলাদেশ কোচ জিলানীকে। বৃষ্টি হলে কর্দমাক্ত মাঠে শক্তির পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে শারীরিকভাবে আফগানরা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ বিষয়টিই দুশ্চিন্তার কারণ বাংলাদেশ কোচের।

নিজের উদ্বেগের বিষয়টি শনিবার বিকেলে স্পষ্টতই জানিয়েছিলেন কোচ। তবে ‘প্রতিষেধক’ও নিশ্চয়ই রয়েছে কোচের ঝুলিতে! না হলে কেন বলবেন, ‘বৃষ্টি হলে আমরা ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামবো।’

তবে বৃষ্টি হোক আর না হোক, ফাইনালে ওঠার মিশনে বাংলাদেশ নিজেদের লক্ষ্যে অবিচল। জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ।

বাংলাদেশ দলপতি শাওন হোসেন যেমনটি বলছিলেন, ‘প্রতিপক্ষ কে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের সেরাটা খেলতে চাই, জয় চাই।’

কোচের ভাষায়ও একই কথার প্রতিধ্বনি, ‘ছেলেরা সবাই খুবই উজ্জীবিত, আত্মবিশ্বাসী। এটা আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। আমরা ডু করতে চাই।’

এদিকে অপর সেমিফাইনালে সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

এমআর