পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। পাকিস্তানের বোলারদেরকে বেধড়ক পিটিয়েছে তামিম-মুশফিকরা। সেই সঙ্গে রেকর্ডও গড়েছেন তারা।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সেঞ্চুরি করেন তামিম ইকবাল। শত রান পূর্ণ করেছেন মুশফিকও। এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথম এক ইনিংসে দুটি সেঞ্চুরির রেকর্ড।

এদিন সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ বিদায় নেয়ার পর দল যখন চাপের মুখে, তখন দলকে স্বস্তি এনে দেন তামিম ও মুশফিক। পাক বোলারদেরকে বেধড়ক পিটিয়ে তৃতীয় উইকেটে দলের পক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা। তাদের ১৭৮ রান শুধু তৃতীয় উইকেটই না, ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

এর আগে টাইগারদের সর্বোচ্চ রানের জুটিটি ছিল ১৭৫ রানের। ২০০৬ সালে চতুর্থ উইকেটে রাজিন সালেহ ও হাবিবুল বাশার গড়েছিলেন এই রেকর্ড।

এদিকে সেঞ্চুরি করা মুশফিক জায়গা করে নিয়েছেন দ্রুততম সেঞ্চুরির তালিকায়। ৬৯ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক তিনি। ৬৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক সাকিব আল হাসান। ৬৮ বলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও এই অল রাউন্ডারের।

এই ম্যাচেই ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ মোট রানের রেকর্ডটিও গড়েছে টাইগাররা। ৩২৯ রান এক ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান।

এর আগে ২০১২ সালের এশিয়া কাপে করা ৩২৬ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। সেটিও ছিল এই পাকিস্তানের বিপক্ষে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। তবে ম্যাচটিতে তিন উইকেটে জিতেছিল পাকিস্তান।

জেডআই