কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন তিনি।

নিজের অভিষেক মৌসুমের মাঝ পথেই চাকুরি নিয়ে শঙ্কায় পড়ে যান এনরিক। কিন্তু মৌসুম শেষে বার্সার ট্রেবল জয়ে তার সঙ্গে চুক্তি নবায়ন করল ক্লাবটি।

এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমিউ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি লুইস এনরিকের সঙ্গে চুক্তি ২০১৭ পর্যন্ত নবায়ন করব। অর্থাৎ আরো দুই বছর আমরা এনরিকেকে দলের সাথে পাচ্ছি।’

এই নিয়ে দ্বিতীয়বারের মত কাতালান জায়ান্টরা এক মৌসুমে ইউরোপীয়ান, স্প্যানিশ লীগ ও কাপ শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো যা ক্লাব ইতিহাসে একটি রেকর্ড। এর আগে ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে প্রথমবারের মত ট্রেবল জয় করেছিল বার্সেলোনা।

বার্তেমিউ বলেছেন, এনরিকের সঙ্গে চুক্তিটি অন্য কোনভাবে হয়নি বলে আমরা খুশি। এক বছর ধরে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকলেও দলের ফলাফলে তার প্রভাব পড়েনি। এজন্য আমরা আশাতীত খুশি। আশা করছি আগামী বছর অন্য নতুন কোন শিরোপা জিততে পারব।

এর আগে বার্সেলোনার সঙ্গে চুক্তি ২০১৬ সাল পর্যন্ত থাকলেও এনরিকে প্রায়ই ক্লাবে নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শনিবার জুভেন্টাসকে ফাইনালে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পরে তিনি বলেছিলেন, "সত্যি কথা হচ্ছে আমি নিজেই জানি না আগামী মৌসুমে আদৌ দলের সাথে থাকবো কিনা। মৌসুম এখনো শেষ হয়নি।"

জেডআই