পিচ রিপোর্টে শন পোলক জানিয়েছিলেন, ব্লুমফন্টেইনের উইকেটে ঘাস আছে। প্রথমদিকে পেসাররা গতি, সুইং ও বাউন্স পাবে। টস জিতলে বোলিং নেয়াই শ্রেয় হবে।

টস জিতে ফিল্ডিংও নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তার সিদ্ধান্ত যৌক্তিক করে তুলতে পারেননি বোলাররা। গেলো টেস্টের মতোই নির্বিষ বোলিং করছেন মুস্তাফিজরা।

বোলিং আক্রমণে তিন পরিবর্তন করেও কোনো লাভ হয়নি। বোলারদের বলে না আছে গতি, নিখুঁত লাইন-লেন্থ, না আছে বাউন্স-সুইং।

এর পুরো ফায়দা লুটছে দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও এইডেন মার্করাম। স্ট্রোকের ফুলঝুড়িতে বইয়ে দিছেন রানের বন্যা।

উদ্বোধনী জুটিতেই তারা তুলে ফেলেছেন ১০০ রানেরও বেশি। প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি হাঁকাচ্ছেন তারা।

এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এলগার। এ রান করার পথে একটি মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

চলতি বছর প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রান করার কীর্তি গড়েছেন এ বাঁহাতি ওপেনার। এলগারের পর দুর্দান্ত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মার্করামও।  

শেষ খবর পাওয়া পর্যন্ত লাঞ্চে যাওয়ার আগে ২৯ ওভারে বিনা উইকেটে ১২৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এলগার ৭২ ও মার্করাম ৫৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এমএ