চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে ম্যাচে হেরে যাওয়ায় নিজের কষ্টের কথা প্রকাশ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

নিজের অফিসিয়াল ফেইসবুকে পেইজে শোকের কথা জানানোর সঙ্গে সমর্থকদেরকে ধন্যবাদও জানিয়েছেন বার্সেলোনা সুপার স্টার।

১৯৯০ সালে পর প্রথমবারের মতো ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের মাটিতে মেসির নেতৃত্বে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই সঙ্গে ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর দেশকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন করার সুযোগ পান তারা। কিন্তু ফাইনাল ম্যাচে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয় মেসিদের।

সেই কষ্ট মিটাতে কোপা আমেরিকা ছিল মেসিদের সামনে। এবারও ফাইনাল নিশ্চিত করে দেশের জার্সি গায়ে বড় কোনো শিরোপা জয়ের স্বাদ নেয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু আরেকবার দুঃস্বপ্নে রাত কাটাতে হলো তার। ফাইনাল ম্যাচে টাই-ব্রেকারে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা।

পর পর দুটি ফাইনালে হেরে যাওয়ার পর মেসি তার ফেইসবুক পেইজে লিখেছেন, "ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার চেয়ে ফুটবলে বেদনাদায়ক আর কিছু নাই।"

এমন দুঃখ পাওয়ার পরও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন টানা চারবার ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ী এই তারকা। লিখেছেন, "কিন্তু আমি তাদেরকে ধন্যবাদ জানাতে আর দেরি করতে চাই না, যারা আমাদেরকে সব সময় সমর্থন দিয়েছেন এবং এই কঠিন মুহুর্তেও সমর্থন দিয়ে যাচ্ছেন।"

জেডআই