আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র নিষেধাজ্ঞা কাটাতে বোলিং পরীক্ষা দিতে যাচ্ছেন বাংলাদেশের অপস্পিনার সোহাগ গাজী। আগামী ২৪ জানুয়ারি চেন্নাইয়ে পরীক্ষা দিবেন এই ক্রিকেটার।
বোলিং পরীক্ষা দিতে নিজের প্রস্তুতি নিয়ে সোহাগ বলেন, “আমি পুরনো বোলিং অ্যাকশন ভুলে গেছি। তবে সব মিলিয়ে বড় কোনো পরিবর্তন আনিনি। যা করেছি তাতে আমি সন্তুষ্ট, নতুন বোলিং অ্যাকশনে ঘরোয়া ক্রিকেটে ভালো করেছি।”
এর আগে সোহাগের বোলিং অ্যাকশনের পরীক্ষার জন্য আইসিসির কাছে আবেদন জানায় বিসিবি।
চেন্নাইয়ে ব্যর্থ হলে অন্তত এক বছর আর পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে না পারা সোহাগ।
গত বছর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়াররা সোহাগের বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।
বিশ্লেষণে দেখা যায়, সোহাগের সব ধরণের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়।
জেডআই





